২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহনির্যাতনের শিকার নারীরা ‘ইইউর শরণার্থীর মর্যাদা’ পেতে পারেন

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) একজন শীর্ষ উপদেষ্টা একথা বলেছেন।

গৃহনির্যাতনের শিকার নারীরা ‘ইইউর শরণার্থীর মর্যাদা’ পেতে পারেন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 20 Apr 2023, 07:36 PM

Updated : 20 Apr 2023, 07:38 PM

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোতে বসবাস করা নারী যারা নিজ দেশে ‘অনার ক্রাইম’, জোরপূর্বক বিয়ে বা গৃহনির্যাতনের শিকার হয়েছেন তারা ইইউ’র শরণার্থীর মর্যাদা পেতে পারেন।

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) একজন শীর্ষ উপদেষ্টা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

সম্প্রতি বুলগেরিয়ার আদালতে একটি মামলার জেরে ইসিজে- এর একজন এডভোকেট জেনারেল একথা বলেন।

ইসিজের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, ওই মামলাটি ছিল একজন তালাকপ্রাপ্ত কুর্দি নারীকে নিয়ে। যিনি ইইউ এর শরণার্থী হওয়ার আবেদন করে বলেছিলেন, যদি তিনি তার দেশ ‍তুরস্কে ফিরে যান তবে সেখানে তার নৃশংসতার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।

ওই নারীর দাবি, তাকে প্রথমে জোর করে বিয়ে দেওয়া হয়। তারপর তিনি অসংখ্যবার গৃহনির্যাতনের শিকার হন। তার স্বামী এবং স্বামীর পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বার বার হুমকি দিয়েছে।

তাই তিনি বাড়ি থেকে পালিয়ে ইইউ সদস্য রাষ্ট্র বুলগেরিয়ায় পাড়ি জমিয়েছিলেন।

এই মামলার এডভোকেট জেনারেল রিচার্ড দে লা ট্যুর বলেন, ‘‘শরণার্থী হিসাবে আন্তর্জাতিক সুরক্ষা এমন ব্যক্তিদের মঞ্জুর করা যেতে পারে যারা ‘বিশেষ সামাজিক গোষ্ঠীর’ সদস্য হওয়ার কারণে এবং নারীরা তাদের লিঙ্গের কারণে সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন। ইইউ-এর আইনে তারা শরণার্থীর মর্যাদা পেতে পারেন।”

তিনি একইসঙ্গে বুলগেরিয়া কর্তৃপক্ষকে এ বিষয়ে অবশ্যই সতর্কতার সঙ্গে সব কিছু যাচাই-বাছাই করে দেখতে বলেছেন। তিনি বলেন, ওই নারী তুরস্কে যে ঝুঁকির মুখে পড়েছেন তার সঙ্গে তার লিঙ্গের কোনো সম্পর্ক আছে কিনা তা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে হবে।

এডভোকেট জেনারেলের মতামত অনুসরণ করার কোনও বাধ্যবাধকতা নেই। তবে ইসিজে সাধারণত কয়েক সপ্তাহ পর চূড়ান্ত রায় দেওয়ার আগে এ ধরনের মত অনুসরণ করে।