২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান নিয়ে এবার কানাডার বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থার’ হঁশিয়ারি চীনের

কানাডার পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধিদল বাণিজ্যর সুযোগ খুঁজতে এবছর তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন বলে খবর পাওয়ার এক সপ্তাহ পর চীন এ হুঁশিয়ারি দিল।

তাইওয়ান নিয়ে এবার কানাডার বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থার’ হঁশিয়ারি চীনের

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 25 Aug 2022, 12:45 AM

Updated : 25 Aug 2022, 12:45 AM

কানাডা তাইওয়ানে হস্তক্ষেপ করলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে শাসিয়েছে চীন। কানাডার পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধিদল বাণিজ্যর সুযোগ খুঁজতে এবছর তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন বলে খবর সামনে আসার এক সপ্তাহের মাথায় চীন এ হুঁশিয়ারি দিল।

মঙ্গলবার দিনশেষে কানাডার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কানাডাকে এক চীন নীতি মেনে চলা এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি।”

“চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে অগ্রাহ্যকারী কিংবা এতে হস্তক্ষেপকারী যে কোনও দেশের বিরুদ্ধেই বেইজিং কঠোর এবং শক্তিশালী ব্যবস্থা নেবে।”

তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন দ্বীপটিকে নিজের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে এবং সেখানে বিদেশি রাজনীতিবিদদের সফরে আপত্তি জানায়।

তাইওয়ান নিয়ে অন্য দেশগুলোকে চীনের সতর্কবার্তা দেওয়া নতুন নয়। কিন্তু এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর চীনকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছে। পেলোসির তাইওয়ান পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্বীপটি ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া চালায় চীন।

পেলোসি তাইওয়ানে যাওয়ার অনেক আগে থেকেই চীন হুমকি-ধামকি দিয়ে আসছিল। সেসব উপেক্ষা করেই তাইপে সফরে যান পেলোসি। সেই সফর ঘিরেই সম্প্রতি চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্কের আরও অবনতি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই এবার কানাডা-তাইওয়ান পার্লামেন্টারি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ এর সদস্যরা আগামী অক্টোবরে তাইওয়ানে যাওয়ার পরিকল্পনা করছে বলে গত সপ্তাহে জানান কানাডার লিবারেল পার্টির এক পার্লামেন্ট সদস্য জুডি সেগ্রো। এই ফ্রেন্ডশিপ গ্রুপ কানাডার পার্লামেন্ট থেকে কোনও ধরনের প্রশাসনিক বা আর্থিক সহায়তা পায় না।

জুডি জানান, দলটি মূলত বাণিজ্য নিয়ে আলোচনার জন্যই তাইওয়ানে যাচ্ছে। তাইওয়ান কিংবা চীনের সঙ্গে কোনও সমস্যা সৃষ্টি করা এই দলের আইনপ্রণেতাদের অভিপ্রায় নয়।

কানাডার সরকার এক বিবৃতিতে বলেছে, পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এবং ফ্রেন্ডশিপ গ্রুপ স্বাধীন। সরকার এই গ্রুপের আইনপ্রণেতাদের তাইওয়ান সফরের ইচ্ছাকে সম্মান জানায়।

পশ্চিমা বিশ্বের বাকি দেশগুলোর মতো কানাডাও ‘এক চীন নীতি’ অনুসরণ করে। তবে কানাডা অনানুষ্ঠানিকভাবে তাইওয়ানকেও সমর্থন করে।