২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে অস্বীকৃতি, ‘ইউক্রেইন যুদ্ধে নিষিদ্ধ’ ওয়াগনার

গত শনিবারের বিদ্রোহ রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের দাবির সঙ্গে ওয়াগনার একমত না হওয়ার জেরে হয়েছিল বলে উল্লেখ করেছেন আইনপ্রণেতা কারতাপোলোভ।

ক্রেমলিনের সঙ্গে চুক্তিতে অস্বীকৃতি, ‘ইউক্রেইন যুদ্ধে নিষিদ্ধ’ ওয়াগনার

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 30 Jun 2023, 12:25 AM

Updated : 30 Jun 2023, 12:52 AM

বিদ্রোহী ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর তাকে বলা দেওয়া হয়েছে যে, তার সেনারা আর ইউক্রেইন যুদ্ধে লড়াই করবে না।

রাশিয়ার প্রভাবশালী আইনপ্রণেতা কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলোভ বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তিনি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান।

চুক্তি না করলে ওয়াগনারের জন্য আর অর্থও রাশিয়া দেবে না বলে জানিয়েছেন তিনি।

ওয়াগনার যোদ্ধাদেরকে প্রতিরক্ষামন্ত্রণালয়ের অধীনে নিয়মিত বাহিনীতে যোগ দিতে বলেছিল রাশিয়া।

কারতাপোলোভ জানান, ওয়াগনারের বিদ্রোহ প্রচেষ্টার কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রণালয় এ বিষয়ে চুক্তি করতে বলেছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে ওয়াগনার।

এরপরই সেনাদলটির প্রধান প্রিগোজিন তখন বিদ্রোহ করেন। গত শনিবারের ওই বিদ্রোহ রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের দাবির সঙ্গে ওয়াগনার একমত না হওয়ার জেরেই হয়েছিল বলে উল্লেখ করেছেন কারতাপোলোভ।

রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মস্কোর দিকে যাত্রা শুরু করেছিলেন প্রিগোজিন। দক্ষিণ রাশিয়ার বেশ কয়েকটি শহরও দখল করে তার সেনারা।

এরপর বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিন এবং ক্রেমলিনের মধ্যে চুক্তি হয়। এরপর বেলারুশে নির্বাসনে যান প্রিগোজিন। চুক্তির বদৌলতে বিচার থেকেও রেহাই পান তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার বলেছিলেন, ওয়াগনারের সেনারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারে অথবা বেলারুশে চলে যেতে পারে। ওদিকে, লুকাশেঙ্কোও তাদেরকে বেলারুশে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানিয়েছিলেন।

বিদ্রোহী প্রিগোজিন বেলারুশে চলে গেলেও তাকে নিয়ে ভয়ে থাকা পুতিন এখন তার সমর্থন গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে।

প্রিগোজিনের বিদ্রোহের পর থেকে পুতিনের পতনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী।

আর এখন ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে ওয়াগনারেরও যবনিকাপাত ঘটল বলে বৃহস্পতিবার উল্লেখ করেছেন দেশটির সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ।

তিনি বলেন, রাশিয়ার এই সেনাদলটি সবচেয়ে সক্রিয় ছিল। তারা যে কোনও মূল্যে সফলতা অর্জনে সক্ষম ছিল। কিন্তু প্রিগোজিনের বিদ্রোহের পর দলটি তছনছ হয়ে গেছে। তারা আর ইউক্রেইন যুদ্ধে অংশ নেবে না।