১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে ভারতীয় রেস্তোরাঁয় খেয়ে পালাল চারজন, বিল বকেয়া ২৩ হাজার রুপি

গোটা ঘটনা ধরা পড়েছে রেস্তোরাঁর সিসিটিভি ভিডিওতে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

যুক্তরাজ্যে ভারতীয় রেস্তোরাঁয় খেয়ে পালাল চারজন, বিল বকেয়া ২৩ হাজার রুপি
ইংল্যান্ডের নর্দাম্পটনে ‘স্যাফ্রন’ ভারতীয় রেস্তোরাঁয় ঘটে এ ঘটনা। ছবি: ফেইসবুক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

রেস্তোরাঁয় খেয়ে প্রায় ২৩ হাজার রুপির ( ১৯৭.৩০ পাউন্ড) সমমূল্যের বিল না মিটিয়ে চম্পট চার যুবকের। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের নর্দাম্পটনে ‘স্যাফ্রন’ নামের এক ভারতীয় রেস্তোরাঁয়।

গত ৪ অগাস্ট খাওয়া দাওয়া ও বিল ফাঁকি দেওয়ার গোটা ঘটনা ধরা পড়েছে রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফেইসবুকে পোস্ট করা রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারজন রেস্তোরাঁয় ঢুকে খাবারের অর্ডার দেন। খাবারের তালিকায় ছিল বিভিন্ন ধরনের কারি, ল্যাম্ব চপ (ভেড়ার মাংসের চপ) এবং অন্যান্য পদ।

খাওয়া-দাওয়া শেষে বিল না মিটিয়েই তারা সুযোগ বুঝে দৌড়ে বেরিয়ে যান। পেছন পেছন তাদের ধরার চেষ্টা করেন রেস্তোরাঁর এক কর্মচারী।

রেস্তোরাঁর মালিক এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন, “স্থানীয় ব্যবসায়ীদের জন্য বিশেষ সতর্কবার্তা। গতরাত ১০টা ১৫ মিনিটে চার যুবক আমাদের রেস্তোরাঁয় আসে। 

“তারা পেট ভরে খাবার খেয়েছে এবং বিল না মিটিয়ে চলে গেছে। এটি কেবল চুরি নয়। এমন ঘটনা আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলে।”

তিনি আরও লেখেন, “ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে এবং ভিডিও ফুটেজও দেওয়া হয়েছে। আমরা এলাকার অন্য ব্যবসায়ীদের সতর্ক থাকার অনুরোধ করছি। যদি কেউ এই ব্যক্তিদের চেনেন বা তাদের সম্পর্কে কোনও তথ্য থাকে, তবে তা আমাদেরকে বা পুলিশকে জানান।”

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, নর্দাম্পটনের পুলিশ ঘটনাটিকে ‘চুরি’ হিসেবে তদন্ত করছে এবং যাদের কাছে এ বিষয়ে তথ্য আছে, তাদেরকে ১০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ লিখেছেন—“টাকা না থাকলে বাসায় বসে খান!” আরেকজন মন্তব্য করেছেন—“গ্রাহকদের বসানোর আগে কার্ড সোয়াইপ করা উচিত।”