২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ২শ’ ড্রোন-ক্ষেপণাস্ত্র হানার পর জ্বালানি স্থাপনায় রুশ হামলা

ইউক্রেইনের রাজধানী কিইভের কিছু অংশসহ বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 26 Aug 2024, 07:24 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

ইউক্রেইনে সোমবার সকালের ব্যস্ত সময়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ১০০ টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১০০ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। 

কর্মকর্তারা বলছেন, এতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর এবার ইউক্রেইনের জ্বালানি স্থাপনাগুলোকে হামলার নিশানা করেছে রাশিয়া।

ইউক্রেইনের রাজধানী কিইভের কিছু অংশসহ বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিইভসহ কয়েকটি নগরীতে বোমা বিস্ফোরণ ঘটেছে। দেশের অর্ধেকেরও বেশি অংশ হামলার শিকার হয়েছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জ্বালানি খাতে বিপুল ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন। কিইভে সোমবার সকালে অধিবাসীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা জানিয়েছে। অথচ এর আগে সেখানে একমাস বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্নই ছিল।

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেইনের জ্বালানি অবকাঠামোগুলোকে নিশানা করে হামলা চালানোর খবর নিশ্চিত করেছে এবং এসব হামলার জন্য উন্নতমানের অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে।

 ইউক্রেইনজুড়ে বিভিন্ন নগরীতে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। কিইভের অধিবাসীরা হামলা থেকে বাঁচতে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছে।

কর্মকর্তারা বলছেন, ইউক্রেইনে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধের আড়াইবছরে এর আগেও অন্তত ১০ টি অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলা নিশানা হয়েছে।

ইউক্রেইনের বিদ্যুৎ গ্রিডে গত মার্চে নাটকীয়ভাবে হামলা জোরদার করে রুশ বাহিনী। শীতের আগে লোকজনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ থেকে বঞ্চিত রাখতে রাশিয়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলেই প্রতীয়মান হচ্ছে।

কয়েকসপ্তাহের মধ্যে সোমবার সবচেয়ে বেশি ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্কে ঢুকে ইউক্রেইনীয় সেনারা হামলা জোরদার করতে থাকায় রাশিয়াও ইউক্রেইনে তাদের হামলা জোরদার করছে।

রুশ বাহিনী ধীরে ধীরে ইউক্রেইনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে। পোকরোভোস্ক এর পরিবহনকেন্দ্রের কাছাকাছি অগ্রসর হচ্ছে তারা।

ইউক্রেইনজুড়ে যে অঞ্চলগুলোর বিদ্যুৎ গ্রিড এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে রাশিয়া হামলার নিশানা করেছে, তার মধ্যে আছে  দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামেলিনস্তকের উত্তর-পশ্চিমে রিভেন ও ভলিন এলাকা। পশ্চিমের লভিভ, দনিপ্রোপেত্রোভোস্ক, কিরোভোহ্রাদ, ভিনিস্তিয়া, দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া এবং দক্ষিণের ওদেসা।

কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলগুলোর অন্তত ৭ টিতে থাকা জ্বালানি স্থাপনা হামলার শিকার হয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেশী দেশ মলদোভা, যাদের বিদ্যুৎ গ্রিড ইউক্রেইনের সঙ্গে সংযুক্ত, তারাও তাদের বিদ্যুৎ নেটওয়ার্কে কিছুটা বিঘ্ন ঘটার খবর জানিয়েছে।