২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে জঙ্গি হামলা হতে পারে, সতর্ক করল যুক্তরাজ্য

গত জুলাইয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী একজন ইরাকি অভিবাসী স্টোকহোমের একটি মসজিদের সামনে একটি কোরআন পুড়িয়ে দিলে তার জেরে দেশটিতে লঙ্কাকাণ্ড হয়েছিল।

সুইডেনে জঙ্গি হামলা হতে পারে, সতর্ক করল যুক্তরাজ্য

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 14 Aug 2023, 06:57 PM

Updated : 14 Aug 2023, 06:57 PM

ইসলাম বিরোধীদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর জেরে সুইডেনে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে যুক্তরাজ্য রোববার নাগরিকদের সে দেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ ভ্রমণ সতর্কবর্তায় বলা হয়, সুইডিশ কর্তৃপক্ষ সফলভাবে হামলার কয়েকটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে এবং সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

বলা হয়, “এই সময়ে আপনাদের সতর্ক হওয়া উচিত।

“খুব সম্ভবত জঙ্গিরা সুইডেনে হামলা চালানোর চেষ্টা করছে। সেদেশে যেসব জায়গায় বিদেশিরা যায় ওইসব জায়গাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।”

যুক্তরাজ্যের সর্বশেষ ভ্রমণ পরামর্শটি মেনে নিয়ে এক বিবৃতিতে সুইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরিক ল্যান্ডারহোমও কোরআনে আগুন দেওয়ার ঘটনার পর থেকে তার দেশে জঙ্গি হামলার হুমকি বেড়ে যাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরো বলেন, গত ১৯ জুলাই ইরাকে সুইডেনের দূতাবাসে ভাংচুর, ৯ অগাস্ট লেবাননে সুইডেনের দূতাবাসে হামলার চেষ্টা এবং ১ অগাস্ট তুরস্কে সুইডিশ কনসুলেটের এক কর্মীকে গুলি করার বিষয়টি আমলে নিয়ে ঝুঁকির বিষয়ে এই মূল্যায়ন করা হয়েছে।

সুইডেনের সংবিধানে বাকস্বাধীনতার বিষয়টি সুরক্ষিত থাকায় সেখানে প্রতিবাদ করতে গিয়ে কোরআন পোড়ানো বৈধ। কিন্তু মুসলমানরা তাদের ধর্মগ্রন্থ আগুনো পোড়োনোকে ধর্মের অবমাননা বলে বিবেচনা করে। পুরো মুসলিম বিশ্ব সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

জাতিসংঘ থেকেও কোরআন পোড়ানোর ঘটনায় একটি রেজ্যুলেশন জারি করে সদস্যভুক্ত সব রাষ্ট্রকে যে কোনো ধর্মের পবিত্র গ্রন্থের অসম্মান এবং প্রতিবাদের নামে সেগুলো পোড়ানোর মত ঘটনা বন্ধে প্রয়োজনীয় আইনী সংস্কারের কথা বলেছে।

যুক্তরাষ্ট্র সরকারও নাগরিকদের সুইডেন ভ্রমণের বিষয়ে পরামর্শ দিতে গিয়ে সেখানে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করেছে।