এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের পাশেই বাসে আগুন, আতঙ্ক দিল্লি বিমানবন্দরে
ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিল না। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আগুনের ঘটনায় বিমানবন্দর এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা।
ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বাসে জ্বলছিল আগুন। টার্মিনাল তিনের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। শুধু তাই নয়, বাসটির সামনেই এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিল। ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল।
তবে তার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন। ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিল না। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার ঘটনায় বিমানবন্দর এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। খালি বাসে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার যে বাসে আগুন লাগার ঘটনা ঘটে, সেটি এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের।
টার্মিনাল-৩-এর বে-৩২-এর কাছে খালি অবস্থায় দাঁড়িয়ে থাকা বাসে আচমকাই আগুন লাগে। ওই বাসে চড়িয়েই যাত্রীদেরকে উড়োজাহাজ পর্যন্ত নেওয়া হয়। ভিডিওতে দেখা গেছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
বাসটির খুব কাছেই উড়োজাহাজ দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে বেশি বিপদের ছিল। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল।
ঘটনার খবর পেয়েই ছুটে আসে দমকল-সহ বিমানবন্দরের কর্মকর্তারাসহ পুলিশও। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বাসটি।
এনডিটিভি জানায়, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এই ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
সংস্থাটি এক্স-এ লিখেছে, “আজ দুপুরের দিকে আমাদের একজন গ্রাউন্ড হ্যান্ডলারের বাসে আগুন লেগেছে। আমাদের অভিজ্ঞ এয়ারক্রাফট রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“বাসটি ভেতরে খালি ছিল। সব কার্যক্রম স্বাভাবিক আছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার।”
সূত্র জানিয়েছে, বাসের আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও জানিয়েছে, বাসে কোনও যাত্রী বা লাগেজ ছিল না, শুধু চালক ছিলেন। তদন্ত করে বাসে আগুন লাগার সঠিক কারণ নির্ধারণ করা হবে।
