Published : 26 Nov 2025, 11:04 PM
হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন বড় ধরনের আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জনের বেশি মানুষ।
রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।
যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মী বলে নগরীটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে। ৩১তলা ভবনগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মীও আহত হয়েছেন।
গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, বহুতল ভবনগুলোর নিচে থেকে ওপর পর্যন্ত আগুন জ্বলছে আর সেগুলো থেকে ঘন ধূসর ধোঁয়া বের হচ্ছে। জরুরি বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পানি ছিটাচ্ছেন।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, ভবনগুলোর ভেতর বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তবে ঠিক কতোজন আটকা পড়ে আছেন তা তাদের জানা নেই বলে দমকল বিভাগ জানিয়েছে।
ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ঘটনাস্থলের কাছে উড়াল হাঁটাপথগুলোতে বহু মানুষ জড়ো হয়েছেন। ভবনগুলোর কয়েকটিতে বাইরের দিকে বাঁশের ভারা লাগানো আছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপ্লেক্সটির নিচের রাস্তায় ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্সগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
দমকল বিভাগ জানিয়েছে, তারা দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগার খবর পায়। ৩টা ৩৪ মিনিটে তারা ঘটনাস্থলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ৪ নম্বর অ্যালার্ম জারি করে।
হংকংয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, আগুনের কারণে তাই পো সড়কের ওই পুরো অংশটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাসগুলোকে অন্যপথ দিয়ে গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
হংকংয়ের দুটি প্রধান মহাসড়কে মধ্যে একটি হল এই তাই পো সড়ক।