১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় একটি খনির কাছে ঘটনাটি ঘটে। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2025, 06:00 PM

Updated : 26 Aug 2026, 11:49 AM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন।  

স্থানীয় কর্মকর্তারা শুক্রবার জানান, প্রদেশটির হারনাই এলাকায় একটি খনির কাছে ঘটনাটি ঘটে, এতে আরও ছয়জন আহত হয়েছেন।  

একটি ট্রাক শ্রমিকদের নিয়ে হারনাই এলাকার খনিতে যাচ্ছিল, তখন হামলাটি ঘটে। বেলুচিস্তানে অনেকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছে। 

পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, “রাস্তার পাশে একটি ঘরে তৈরি বোমা পেতে রাখা হয়েছিল। কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাকটি সেখানে পৌঁছতেই বোমাটি বিস্ফোরিত হয়।“

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “বোমাটির বিস্ফোরণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হতে পারে।” 

কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন। 

আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক। 

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান একটি খনি সমৃদ্ধ অঞ্চল। এখানে স্থানীয় স্বাধীনতাকামী বেলুচরা প্রায় এক দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই করছে। তাদের পাশাপাশি অঞ্চলটিতে জঙ্গিদের তৎপরতাও উল্লেখযোগ্য।