গাজার মতো এবার পশ্চিম তীরেও ‘যুদ্ধের’ ডাক ইসরায়েলি মন্ত্রীর
দক্ষিণ লেবানন এবং গাজা ভূখণ্ডকে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
গাজার মতো করে অধিকৃত পশ্চিম তীরেও পুরোদস্তুর ‘যুদ্ধ’ চালানোর ডাক দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে ধ্বংসযজ্ঞ ও অভিযান চালিয়েছে, পশ্চিম তীরেও ঠিক একই নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক, বর্ণবাদী এবং অমানবিক বক্তব্যের জন্য পরিচিত
স্মোট্রিচ দক্ষিণ লেবানন এবং গাজা ভূখণ্ডকে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ওয়াইনেট নিউজকে মন্ত্রী বলেছেন, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধ করা উচিত এবং গাজায় যা করা হয়েছে তা সেখানেও করা উচিত।
এমন এক সময়ে স্মোট্রিচ এই মন্তব্য করলেন যখন ইসরায়েলে সাধারণ নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। আর এই সময়ে অধিকৃত অঞ্চলগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতিস্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতা অনেক বেড়েছে এবং ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদেরকে সমাজে খারাপ হিসেবে তুলে ধরা হচ্ছে।
ওয়াইনেট নিউজ এর সাক্ষাৎকারে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় ইসরায়েলের সেখানে ঠিক তাই করা উচিত, যা আমরা গাজায় করেছি।
অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ইসরায়েলের কীভাবে মোকাবেলা করা উচিত—এ প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।
স্মোট্রিচ বলেন, “জুডিয়া ও সামারিয়ায় আমাদেরকে যুদ্ধে যেতে হবে এবং গাজায় আমরা যা করেছি, তা করতে হবে। সন্ত্রাসী কর্তৃপক্ষ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে।
“আমাদের ইসরায়েলি বাহিনীকে বলতে হবে, যেভাবে গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করা হয়েছে, একইভাবে জুডিয়া ও সামারিয়াতেও কোনও সন্ত্রাসী অবকাঠামো থাকবে না। সেখানে কোনও সন্ত্রাসী, কোনও অস্ত্র কিংবা কোনও সুড়ঙ্গ থাকবে না।”
