২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে হাজার হাজার মানুষ

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা এবং ‘গণহত্যাকে স্বাভাবিক বানিয়ে ফেলো না’ এবং ‘মেরুদণ্ড সোজা করো, ফিলিস্তিনের পাশে দাঁড়াও’ এ ধরনের নানান স্লোগান লেখা ব্যানার দেখা গেছে।

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিলে হাজার হাজার মানুষ
অকল্যান্ডের কেন্দ্রস্থলে এ ‘মার্চ ফর হিউম্যানিটিতে’ ৫০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছে বলে আয়োজক গোষ্ঠী আওতেয়ারোয়া ফর প্যালেস্টাইনের বরাত দিয়ে জানিয়েছে। ছবি: টাইমস অব ইসরায়েল/ইউটিউব

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 03:31 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

নিউ জিল্যান্ডের সর্ববৃহৎ শহর অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি এক মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে; গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে ফিলিস্তিন নিয়ে এত বড় সমাবেশ আর দেখা যায়নি। 

শনিবার স্থানীয় সময় সকালে অকল্যান্ডের কেন্দ্রস্থলে এ ‘মার্চ ফর হিউম্যানিটিতে’ ৫০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছে বলে আয়োজক গোষ্ঠী আওতেয়ারোয়া ফর প্যালেস্টাইনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তবে নিউ জিল্যান্ড পুলিশ বলছে, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল হাজার বিশেক। 

আওতেয়ারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ২০২৩ সালের শেষদিকে সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনের সমর্থনে এখন পর্যন্ত যত মিছিল হয়েছে, সেগুলোর মধ্যে শনিবারেরটাই হল সবচেয়ে বড়। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর তেল আবিব গাজায় সর্বাত্মক অভিযান শুরু করে। সেই অভিযানে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ভূখণ্ডটিতে খাবারের সংকট বিস্তৃত অঞ্চলে অনাহার পরিস্থিতি সৃষ্টি করেছে বলে দাবি করছে দাতা সংস্থাগুলো। 

শনিবার অকল্যান্ডের বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা এবং ‘গণহত্যাকে স্বাভাবিক বানিয়ে ফেলো না’ এবং ‘মেরুদণ্ড সোজা করো, ফিলিস্তিনের পাশে দাঁড়াও’ এ ধরনের নানান স্লোগান লেখা ব্যানার দেখা গেছে বলে নিউ জিল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও নিউ জিল্যান্ড জানিয়েছে। 

অগাস্টে অস্ট্রেলিয়ার সিডনিতে এ ধরনের একটি মিছিল আইকনিক হারবার ব্রিজে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। আয়োজকরা ওই মিছিল থেকে অনুপ্রাণিত হয়ে অকল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চাইলেও তীব্র বাতাসের কারণে শুক্রবার ওই পরিকল্পনা থেকে সরে আসে, বলেছেন রাতা। 

মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সংশ্লিষ্ট সব রোড ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, মিছিলের পর এমনটাই বলেছে অকল্যান্ড পুলিশ। 

আওতেয়ারোয়া ফর প্যালেস্টাইন বলছে, তারা চান নিউ জিল্যান্ডের মধ্য-ডান জোট সরকার যেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 

অগাস্টে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন গাজায় মানবিক ত্রাণ ঢোকার অনুমতি না দেওয়াসহ ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘স্তম্ভিত হওয়ার মতো’ আখ্যা দিয়েছিলেন। ওয়েলিংটন এমনকী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও ভাবছে।

নিউ জিল্যান্ডে বসবাসরত ১০ হাজার ইহুদির প্রতিনিধিত্বকারী নিউ জিল্যান্ড জুইশ কাউন্সিলের কাছে রয়টার্স শনিবারের মিছিল নিয়ে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি তারা।