Published : 11 Sep 2026, 08:31 PM
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও অনুশোচনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইরান যুদ্ধের কারণে নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে খারাপ ফল হওয়ার ঝুঁকি থাকার পরওবৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, যুদ্ধের কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত কি না।
জবাবে ট্রাম্প বলেন, "আমি 'অনুশোচনা' শব্দটিতে বিশ্বাস করি না। আপনি সবসময় নিজের সিদ্ধান্ত নিয়ে কিছুটা প্রশ্ন তুলতে পারেন।" তিনি আরও বলেন, "আমাকে যদি আবারও একই সিদ্ধান্ত নিতে হত, তাহলে আমি যা করেছি, ঠিক সেটিই করতাম।”
ইরান যুদ্ধের কারণে ট্রাম্প তার কিছু সমর্থকের হতাশ হওয়া বা মনোবল হারানোর ধারণাও নাকচ করে দিয়েছেন।
তিনি বলেন, "আমি মনে করি না তারা মনোবল হারিয়েছে। বরং আমি মনে করি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার জন্য আমি যে পদক্ষেপ নিয়েছি, সে কারণে তারা খুবই গর্বিত।"
ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে বলে আবারও দাবি করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেন, “নির্বাচনের পরপরই এটি শেষ হবে।”
বুধবারও তিনি একই মন্তব্য করেছিলেন। সে সময় তিনি অভিযোগ করেন, ইরান এমন এক নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ তার রিপাবলিকান দলের হাতে থাকবে কি না, সেটি নির্ধারিত হবে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে বিষয়টি রিপাবলিকানদের জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব জায়গায় হামলা চালায়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ট্রাম্প ইরানে তার যুদ্ধের সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য হিসেবে দেশটির পারমাণবিক সক্ষমতা দুর্বল করার বিষয়টি উল্লেখ করেছেন।
ইরানের কোনও পারমাণবিক অস্ত্র নেই এবং দেশটি বলে আসছে যে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।