Published : 26 Jun 2026, 06:57 AM
প্রথম সাত মিনিটের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে গেল নেদারল্যান্ডস। বাকি সময়েও আধিপত্য ধরে রাখল তারা। তিউনিসিয়াকে অনায়াসে হারিয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ডাচরা।
ক্যানসাস সিটিতে গ্রুপের পর্বের শেষ রাউন্ডে ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে একটি করে গোল করেন ব্রায়ান ব্রবি ও ইয়ান পল ফন হেকে। অন্যটি আত্মঘাতী।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। একই সময়ে আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে, ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের ধাপে জায়গা করে নিয়েছে জাপান।
৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সুইডেন, সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে নকআউটের টিকেট নিশ্চিত করেছে তারাও। তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে তিউনিসিয়া।
গ্রুপ সেরা হয়ে ব্রাজিলকে এড়িয়েছে নেদারল্যান্ডস। শেষ বত্রিশে তারা খেলবে মরক্কোর বিপক্ষে।
তৃতীয় মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিজের গোলমুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি।
ব্যবধান দ্বিগুণ হতেও বেশি সময় লাগেনি। সপ্তম মিনিটে ফ্রি-কিকে বক্সে হেড করেন ভার্জিল ফন ডাইক। ক্লিয়ার করার চেষ্টায় পারেনি তিউনিসিয়া। জোরাল ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি।
ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় তিউনিসিয়া। কিন্তু গোলরক্ষক বরাবর হেড করেন বেন স্লিমেন।
প্রথমার্ধের বাকি সময়েও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করে যায় নেদারল্যান্ডস। যদিও গোলরক্ষককে ভাবানোর মতো বেশি কিছু তারা করতে পারেনি।
৫৪তম মিনিটে ব্যবধান কমায় তিউনিসিয়া। কর্নারে বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন হাজেম মাস্তুরি।
তবে আট মিনিট পরই দুই গোলের লিড পুনরুদ্ধার করে ডাচরা। কর্নারে ইয়ান পল ফন হেকের হেড গোলমুখে প্রতিপক্ষের মাথা ছুঁয়ে জালে জড়ায়।
বাকি সময়ে কিছু সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি নেদারল্যান্ডস।