২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় চেয়ারম্যান জামায়াতের

চট্টগ্রামে বাঁশখালীর পর সাতকানিয়াতেও চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 02:12 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

কারাগারে আটক মো. জসিম উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন আওয়ামী লীগের নুরুল আবছার চৌধুরীকে।

জসিম উদ্দিন পেয়েছেন ৬৪ হাজার ৬২৭ ভোট। নিকটতম নুরুল আবছার কাপ-পিরিচ প্রতীকে পান ৪৫ হাজার ৮৪০ ভোট। জামায়াত অধ্যুষিত এ উপজেলায় এবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন চারজন।

বিএনপির শেখ মো. মহিউদ্দিন আনারস প্রতীকে পান ২৯ হাজার ৩৩৫ ভোট।

এছাড়া ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও জয়ী হয়েছে জামায়াত সমর্থিত প্রার্থীরা।

রোববার সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকে সাতকানিয়ার একাধিক কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।

সাতকানিয়া উপজেলার ১১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন দুই লাখ ৪৬ হাজার ৯৩ জন। ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যালট বাক্স পুড়িয়ে দেয়ায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ১১০টি কেন্দ্রের ঘোষিত ফলে জসিম উদ্দিন জয়ী হয়েছেন।

বাতিল হওয়া ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট সংখ্যা ২৭৫০।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ইব্রাহিম চৌধুরী টিউব ওয়েল প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭৮৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত ইসলামী সমর্থিত দুরদানা ইয়াসমিন কলস প্রতীকে ৬৯ হাজার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে ভোটগ্রহণ চলাকালে রোববার বেলা তিনটার দিকে সোনাকানিয়া সৈয়দ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার চৌধুরীর গাড়ি ভাংচুর করে জামায়ত সমর্থকরা।

ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটটি ব্যালট বাক্স পুড়িয়ে দেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা।

সকাল সাড়ে ১০টার দিকে ছোট হাতিয়া লক্ষ্মীবিবি এবতেদিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের পর ছয়টি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায় উভয় পক্ষের লোকজন।

গুলিতে আহত হয় একজন। পরে পাঁচটি ব্যালট বাক্স ফেরত পেলেও ওই কেন্দ্রে আর ভোটগ্রহণ হয়নি।

বেলা দেড়টার দিকে জনার কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর ভোটগ্রহণ বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা।

এছাড়া ছদাহা কেফায়েত উল্লাহ বশির আহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একপক্ষের দখলের চেষ্টার পর ১০৯টি ব্যালট বাতিল ঘোষণা করেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।

এর আগের দফায় সাতকানিয়া সংলগ্ন উপজেলা লোহাগাড়াতেও জামায়াত সমর্থিত প্রার্থীয়ারম্যান পদে জয়ী হন।

ফটিকছড়িতে আ. লীগ জয়ী

বাঁশখালীতে সবকটিতে জয়ী জামায়াত