বোয়ালখালীতে চেয়ারম্যান আ. লীগের
চট্টগ্রামের বোয়ালখালীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আতাউল হক।
মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বদরুচ মেহের টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৭৬ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার খন্দকার নুরুল হক রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন মোট পাঁচজন।
তবে এ উপজেলার ফল প্রত্যাখান করেছে স্থানীয় বিএনপি।
রোববার রাতে বদরুচ মেহেরের প্রধান নির্বাচনী সমন্বয়কারী মোজাফ্ফর আহমদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে ফলাফল প্রত্যাখান করে বলা হয় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের নেতৃত্বে ছাত্রীগ, যুবলীগের গুন্ডারা কেন্দ্র দখল করে তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে ক্রিকেট ব্যাট প্রতীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওবায়দুল হক হাক্কানী ২১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মো. ইসহাক চৌধুরী টাইপরাইটার প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৫৫ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন বারজন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত শাহেদা আক্তার শেফু ফুটবল প্রতীকে ৪১ হাজার ১১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপর্ণা ভঞ্জ পেয়েছেন ২৫ হাজার ৭১৮ ভোট। আর এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন।
বোয়ালখালী উপজেলার ৭৭টি কেন্দ্রে এবার মোট ভোটার ছিলেন এক লাখ ৫৮ হাজার ২৯৯ জন।
