মৌলভীবাজারে আ.লীগ-বিএনপি ২-১
মৌলভীবাজারের তিনটি উপজেলা পরিষদের দুটিতে আওয়ামী লীগ ও একটিকে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এর মধ্যে সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মিজানুর রহমান আনারস প্রতীকে ৪৩ হাজার ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুহিবুর রহমান তরফদার দোয়াত-কলম প্রতীকে পান ৩১ হাজার ১৬৮ ভোট।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জহিরুল ইসলাম এই ফল ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রফিকুর রহমান আনারস প্রতীকে ৪৫ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শামীম আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৬৪ ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও জাহিদুল ইসলাম মিয়া এই ফল ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রনধীর কুমার দেব আনারস প্রতীকে ৪৭ হাজার ৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আতাউর রহমান ঘোড়া প্রতীকে ২৬ হাজার ৫৬৫ ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আশফাকুল হক চৌধুরী এই ফল ঘোষণা করেন।
