শাহরাস্তিতে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ভোটের আগে শনিবার রাতে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন আচরণবিধি ভঙ্গ করেন। বিষয়টি জানতে পেরে রোববার সকালে তাকে প্রত্যাহার করা হয়।
দেলোয়ার কী করেছিলেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান আতাউর রহমান।
অবশ্য আরেক নির্বাচনী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থেকেও দেলোয়ার এক প্রার্থীর বাড়িতে খাওয়া-দাওয়া করেন, যা আচরণবিধির লঙ্ঘন।
সহকারী রিটার্নিং অফিসার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউছার হোসেন জানান, রোববার সাকালে শান্তিপূর্ণভাবে ওই কেন্দ্রে ভোট শুরু হয়েছে। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন মো. আনিসুর রহমান।
শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
