২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় চার প্রার্থীর ভোট বর্জন

চুয়াডাঙ্গা, নেত্রকোণা ও নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে চারপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার ভোট চলার সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চুয়াডাঙ্গায় দুইজন, নেত্রকোণা ও নড়াইলে একজন করে প্রার্থী এ ঘোষণা দেন।

এরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদায় জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আজিজুর রহমান ও বিএনপির একাংশের প্রার্থী ফজলুর রহমান, নেত্রকোণা সদরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক এবং নড়াইলের লোহাগড়ায় বিএনপি সমর্থিত প্রার্থী জিএম নজরুল ইসলাম।

দামুড়হুদায় পৃথক সংবাদ সম্মেলন করে উভয় প্রার্থী জাল ভোট দেয়ার অভিযোগ এনেছেন। তারা বলেছেন, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের সমর্থকরা উপজেলার ৩০ থেকে ৩৫টি কেন্দ্র দখল করে গণহারে জাল ভোট দিয়েছেন।

নেত্রকোণায় সংবাদ সম্মেলন করে ওমর ফারুক অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকে প্রতিটি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতি দেখা গেছে।

নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন  নজরুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটুর সমর্থকরা লক্ষ্মীপাশা, কাশিপুর, নোয়াগ্রামসহ বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছে।