২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ব্যালট ছিনতাই, বাক্স ভাংচুর

ভোল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স ভাংচুরের অভিযোগ করেছে বিএনপি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 04:53 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শনিবার দুপুরে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলায় নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে।

দুপুরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্পে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের জেলা সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম।

তাদের অভিযোগ, শহরের কেন্দ্রগুলোতে সকালে শান্তিপূর্ণ অবস্থা থাকলেও বেলা ১২টার পর সকল কেন্দ্র থেকেই বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট বের করে দিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা।

ভোলা সরকারি স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এজন্টরা প্রকাশ্যে ব্যালটে সিল মারা শুরু করলে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্ট মাহমুদুল হক নসু বাধা দেন। এ কারণে আওয়ামী লীগ প্রার্থীর এজন্টরা মাহমুদুল হক নসুকে বেদম মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়।

শহরের আলীয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তৌহিদ উদ দৌলা জানান, বেলা সাড়ে ১২টার সময় একদল যুবক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স ভাংচুর করে।

এ সময় তিনি আত্মরক্ষার্থে টেবিলের নিচে আশ্রয় নেন বলে জানান।