ফকিরহাটের চেয়ারম্যান বিএনপির শরিফুল
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্থগিত হওয়া কেন্দ্রের ভোট গ্রহণ শেষে বিএনপি সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কামাল কারীমকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ফকিরহাট সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে সোমবার রাতে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও উন্নয়ন) মো. হাবিবুল হক খান এ ফল ঘোষণা করেন।
তিনি জানান, বিএনপি সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কামাল কারীম পেয়েছেন মোট ২৫,৩৫৮ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত সরদার নিয়ামত হোসেন পান ২২,৫৩৭ ভোট।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, এই কেন্দ্রের মোট ভোট তিন হাজার ৪৩টি, কিন্তু ভোট দিয়েছেন ৩৮ জন ভোটার।
এর মধ্যে বিএনপি সমর্থিত শেখ শরিফুল কামাল কারীম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত সরদার নিয়ামত হোসেন মোটরসাইকেলে পেয়েছেন এক ভোট। এছাড়া একটি ভোট নষ্ট হয়েছে।
২৭ ফেব্রুয়ারির ৩২টি কেন্দ্রে ভোট গ্রহণে শেখ শরিফুল কামাল কারীম পেয়েছিলেন ২৫ হাজার ৩২২ ভোট এবং সরদার নিয়ামত হোসেন পেয়েছিলেন ২২ হাজার ৫৩৬ ভোট।
এদিকে, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীকে বিজিবি সদস্যরা মারধর করায় ভোটাররা কেন্দ্রে যায়নি বলে দাবি করেন সরদার নিয়ামত হোসেন।
তিনি নির্বাচনের এ ফল প্রত্যাখ্যান করে সবগুলো কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন বিজিবির মারধরে আহত নিয়ামত হোসেন এখন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
