উল্লাপাড়ায় বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জন
ভোটারদের ভয়ভীতি দেখানো ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হক।
স্থগিত হওয়া দুই কেন্দ্রে ভোট চলাকালে সোমবার দুপুর পৌনে ২টার দিকে আকবর আলী সরকারি কলেজ কেন্দ্রে তিনি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।
১৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের নির্বাচনে এই উপজেলায় স্থগিত হওয়া দুই কেন্দ্রে সোমবার ভোট হচ্ছে।
স্থগিত আকবর আলী সরকারি কলেজ ও নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৭ হাজার ২৮৬টি ভোটের চাইতে দুই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের ভোটের ব্যবধান বেশি হওয়ায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।
দুপুরে বিএনপি সমর্থিত প্রার্থী শামসুল হক অভিযোগ করেন, নলসন্ধ্যা কেন্দ্রে ভোট দিতে আসার পথে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ভোটারদের বাধা দিচ্ছে এবং কয়েকজনকে মারপিট করেছে।
বিষয়টি প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এছাড়া আকবর আলী কলেজ কেন্দ্রেও ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান ।
তবে অভিযোগ অস্বীকার করে নলসন্ধ্যা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গৌড় কুমার ঘোষ বলেন, কেন্দ্রের ৩ হাজার ৭৮৭ ভোটারের মধ্যে বেলা পৌনে ২টা মধ্যে ২ হাজার ৩০০ জন ভোট দিয়েছেন। আরও ভোটার লাইনে রয়েছেন।
এই কেন্দ্রে দায়িত্বপালনরত সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, সুষ্ঠুভাবেই ভোট চলছে।
১৯ ফেব্রুয়ারি প্রথম পর্বে নির্বাচনে এ উপজেলার ১২১টি কেন্দ্রের মধ্যে ১১৯টির ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীক নিয়ে প্রতিপক্ষের চেয়ে ২ হাজার ৬৯৩ ভোটে এগিয়ে রয়েছেন।
তিনি পেয়েছেন ৮৫ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শামসুল হক মোটর সাইকেল প্রতীকে পান ৮২ হাজার ৬১৯ ভোট।
এছাড়াও জামায়াত সমর্থিত জাহিদ হোসাইন আনারস প্রতীকে ২৫ হাজার ৫৯৭, নির্দলীয় প্রার্থী মনিরুজ্জামান মাহফুজ দোয়াত কলম প্রতীকে ২ হাজা ৬২২ ও জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত জয়নাল আবেদিন টেলিফোন প্রতীকে ৫০২ ভোট পেয়েছেন।
জাল ভোট দেয়ার অভিযোগে উপজেলা সদরের আকবর আলী সরকারি কলেজ কেন্দ্র এবং ভোটগ্রহণকালে নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সিলযুক্ত প্রায় ১৪শ’ ব্যালটসহ ৫টি বাক্স পুড়িয়ে ফেলায় এ দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ দুটি কেন্দ্রের ৭ হাজার ২৮৬ জন ভোটারের মধ্যে আকবর আলী কলেজে ৩ হাজার ৪৯৯ জন এবং নলসন্ধ্যা কেন্দ্রে ৩ হাজার ৭৮৭ জন ভোটার রয়েছেন।
