ফকিরহাটে আ. লীগ, কচুয়ায় বিএনপির পূনঃভোট দাবি
বাগেরহাটের সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ফকিরহাটে চেয়ারম্যান পদে পূনরায় ভোট গ্রহণের দাবি করেছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
ভোট চলাকালে সংঘর্ষের পর এ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
এদিকে, কচুয়া উপজেলায় বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
বিকালে কচুয়া উপজেলা সদরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শান্তিপূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী সরদার নিয়ামত হোসেন ও তার কর্মীদের উপর বিজিবি সদস্যদের দিয়ে হামলা করিয়ে তাদের পিটিয়ে আহত করেন।
বিজিবিকে নির্দেশ দিয়ে গুলি ছুড়ে এলাকায় আতংকও সৃষ্টি করেন।
সংবাদ সম্মেলনে ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে পুনঃভোট গ্রহণ এবং ঘটনা তদন্তে নির্বাচন কমিশনের উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফকিরহাট উপজেলার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরদার নিয়ামত হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান।
এ সময় বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ শওকাত আলী বাদশা, বাগেরহাটের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে কচুয়ায় বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী সরদার জাহিদ উপজেলা সদরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাংসদ মীর শওকাত আলী বাদশা, সাংসদ মোজাম্মেল হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিত ভোট কারচুপি, সন্ত্রাস, জালভোট প্রদান ও বিএনপি সমর্থক ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দানের অভিযোগ করেন।
বৃহস্পতিবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম মাফুজুর রহমানের কাছে তিন হাজার ৭৩১ ভোটে পরাজিত হন।
