১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশুর স্মার্টফোনে লাগামের ‘ভাবনা’য় চীনা প্রযুক্তি সেক্টরে ধাক্কা

‘সিএসি’র প্রস্তাবিত নীতিমালায়, স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত শিশুদের ইন্টারনেটে প্রবেশ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে।

শিশুর স্মার্টফোনে লাগামের ‘ভাবনা’য় চীনা প্রযুক্তি সেক্টরে ধাক্কা

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 05:43 PM

Updated : 03 Aug 2023, 05:43 PM

ইনস্টাগ্রাম টিনএজারদের মানসিক স্বাস্থ্যের চেয়ে বিজ্ঞাপনকে বেশি গুরুত্ব দেয় - এটি পুরোনো খবর। প্রশ্ন হল, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ব্যবসার জন্য শিশুদের ওপর কতোটা নির্ভর করে। সে আভাস মিলল চীনা কর্তৃপক্ষের এক নীতিগত পরামর্শে।

চীনের সাইবার নিরাপত্তা সংস্থা ‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না (সিএসি)’ ১৮ বছরের কম বয়সীদের স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ দেওয়ার পরপরই দেশটির প্রযুক্তি খাতের শেয়ারে দরপতন লক্ষ্য করা গেছে।

বুধবার ইকমার্স জায়ান্ট আলিবাবা ও চীনা ‘ইউটিউব’ হিসেবে পরিচিত ভিডিও শেয়ারিং সাইট ‘বিলিবিলি’র শেয়ারের দাম কমেছে। পরের দিন বৃহস্পতিবারের শুরুতে এর চেয়েও বড় পতন দেখা গেছে।

আইনটি পাশ হলে অপ্রাপ্তবয়স্করা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা নিজেদের ফোন ব্যবহারের সুযোগ পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে শিশুদের গেইম খেলা সীমিত করার চার বছর পর এমন পদক্ষেপ এল।

‘সিএসি’র প্রস্তাবিত নীতিমালায়, স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত শিশুদের ইন্টারনেটে প্রবেশ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে।

সিএসি’র প্রস্তাবনা অনুসারে, বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা, অ্যাপ ও অ্যাপ স্টোরগুলোকে ‘মাইনর মোড’ নামে এক ব্যবস্থা তৈরি করতে হবে, যা বয়সের ভিত্তিতে সেগুলোর ব্যবহার সীমিত করে।

এদিকে, ১৬ থেকে ১৮ বছর বয়সী ব্যবহারকারীদের দৈনিক দুই ঘণ্টা ফোনের স্ক্রিনে সময় কাটানোর সুযোগ দেওয়া হলেও আট বছরের কম বয়সী শিশুদের বেলায় সেটি কমে গিয়ে ঠেকেছে কেবল আট মিনিটে।

প্রস্তাবনাটি এখন জনমতের জন্য উন্মুক্ত।

সিলিকন ভ্যালিভিত্তিক পরামর্শক সংস্থা ‘কনস্টেলেশন রিসার্চ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রে ওয়াং বিবিসিকে বলেন, গেইমিং নিষেধাজ্ঞার মতোই এইসব নীতিমালা প্রয়োগের সম্ভাব্য দায়ভার থাকবে বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের ওপর।

“তবে, এই ব্যবস্থা ফাঁকি দেওয়ার উপায়ও রয়েছে। সেই ক্ষেত্রে শিশুরা তাদের মা বাবার ডিভাইসের পাসওয়ার্ড ব্যবহার করতে পারে। তবে প্রচলিত মতবাদ হল, গেইমিং খাতের নিষেধাজ্ঞা ভালোভাবেই প্রয়োগ করা হয়েছিল।” --বলেন ওয়াং।

বুধবার হংকংয়ে নিজস্ব শেয়ারে তিন শতাংশ দরপতন দেখে দিন শেষ করেছে আলিবাবা। আর বিলিবিলির বেলায় সেটি প্রায় সাত শতাংশের কাছাকাছি।

বৃহস্পতিবারের মাঝামাঝি সময় পর্যন্ত আলিবাবার শেয়ারের দাম আরও দুই শতাংশ কমেছে। আর বিলিবিলি’র কমেছে আধা শতাংশ।

তবে, হংকংয়ে বুধবার প্রায় তিন শতাংশ দরপতনে দিন শেষ করা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের শেয়ারমূল্য বেড়েছে শূন্য দশমিক এক শতাংশ।

ভিডিও গেইমে আসক্তি কমিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির কর্মকর্তাদের দাবি, এটি শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করছিল।

২০১৯ সালের নভেম্বরে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেইমিংয়ে ‘কারফিউ’ জারি করে দেশটি।

এতে ১৮ বছরের কম বয়সী গেইমারদের জন্য রাত ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত অনলাইনে গেইম খেলা নিষিদ্ধ করা হয়। এ ছাড়া, সাপ্তাহিক দিনগুলোয় ৯০ মিনিট ও ছুটি বা সপ্তাহান্তে কেবল তিন ঘণ্টা গেইম খেলার সীমাও বেঁধে দেওয়া হয়।

এর প্রায় দুই বছর পর শিশুদের গেইম খেলা সপ্তাহে কেবল তিন ঘণ্টায় সীমিত করার সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম অনলাইন গেইমিংকে আখ্যা দিয়েছে ‘আধ্মাতিক আফিম’ হিসেবে।

এমন পদক্ষেপগুলোয় ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন চীনা প্রযুক্তি কোম্পানি। গবেষণা কোম্পানি ‘নিউজু’র তথ্য অনুসারে, ক্রমাগত বাড়তে থাকা নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে চীনকে টপকে গেইমিং খাতের বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।