২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের ভিশন প্রো’র জন্য আলাদা অ্যাপ তৈরিতে ‘উৎসাহ কম’

মিক্সড রিয়ালিটি হেডসেটে স্পটিফাই না থাকাটা বড় কিছু না হলেও নেটফ্লিক্স ও ইউটিউব অ্যাপের অনুপস্থিতি ব্যবহারকারীদের কাছে ডিভাইসের আকর্ষণ কমাবে।

অ্যাপলের ভিশন প্রো’র জন্য আলাদা অ্যাপ তৈরিতে ‘উৎসাহ কম’

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 01:00 PM

Updated : 20 Jan 2024, 01:00 PM

নেটফ্লিক্সের পরে এবার ইউটিউবও ঘোষণা দিল অ্যাপল ভিশন প্রো’র জন্য আলাদা কোনো অ্যাপ না বানানোর।

এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির একটি অ্যাপ আছে আইপ্যাডের জন্য। সেটিও চলবে না সাড়ে তিন হাজার ডলারের হেডসেটে।

‘ইউটিউব ব্যবহারকারীরা ভিশন প্রো’তে সাফারিতে (অ্যাপলের তৈরি ওয়েব ব্রাউজার) ইউটিউব ব্যবহার করতে পারবেন।’ – প্রযুক্তি সাইট ভার্জকে জানিয়েছেন ইউটিউবের মুখপাত্র জেসিকা গিবি।

তবে, শুধু এ দুটি প্ল্যাটফর্মই যে ভিশন প্রো-এর জন্য আলাদা অ্যাপ আনছে না বিষয়টি এমন নয়।

স্পটিফাইয়েরও ভিশন প্রো’-এর জন্য আলাদা কোনো অ্যাপ তৈরির পরিকল্পনা নেই। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, ‘হেডসেটটিতে অ্যাপটির আইপ্যাড সংস্করণ ও চালানো যাবে না। ফলে ওয়েব সাইটের মাধ্যমেই স্পটিফাই চালাতে বাধ্য হবেন সম্ভাব্য ব্যবহারকারীরা।

তবে এ নিয়ে স্পটিফাই মুখ খোলেনি। ব্লুমবার্গের প্রতিবেদন নিশ্চিত করতেও রাজী হননি স্পটিফাই মুখপাত্র। “আমরা কেবল বলতে পারি, এ নিয়ে আমাদের এখনো কোনো পরিকল্পনা নেই।” - বলেছেন তিনি।

অ্যাপ স্টোরের সবচেয়ে জনপ্রিয় ৪৬টি অ্যাপের মধ্যে কোনোটিরই ‘ভিশনওএস’ - এর জন্য আলাদা অ্যাপ থাকবে না বলে উঠে এসেছে ম্যাকস্টোরিজের তথ্যে। 

তবে, এই তালিকা বদলাতে পারে। পাশাপাশি, কিছু কোম্পানি তাদের আইফোন এবং আইপ্যাড সংস্করণের অ্যাপেই ভিশন প্রো’র সাপোর্ট আনতে পারে।

কিন্তু ভিশন প্রো উন্মোচনের কয়েক সপ্তাহ আগে এমন আলাদা অ্যাপের অভাব ডিভাইসটি সম্পর্কে আগ্রহ তৈরিতে সহায়ক হবে না বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।

এ প্রসঙ্গে গুগল ও স্পটিফাইয়ের সঙ্গে যোগাযোগ করলে কোনো উত্তর পাওয়া যায়নি।

অ্যাপল ভিশন প্রো’তে ডিজনি প্লাসের থ্রিডি মুভির পাশাপাশি অ্যামাজন প্রাইম ভিডিও, ম্যাক্স, প্যারামাউন্ট প্লাস, প্লুটো টিভি, পিকক এবং  অন্যান্য স্ট্রিমিং সাইট উপভোগের সুযোগ থাকছে।

একটি মিক্সড রিয়ালিটি হেডসেটে স্পটিফাই না থাকাটা বড় কিছু না হলেও নেটফ্লিক্স ও ইউটিউব অ্যাপের অনুপস্থিতি ব্যবহারকারীদের কাছে ডিভাইসের আকর্ষণ কমাবে। বিশেষ করে তাদের কাছে যারা হেডসেটটিকে মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার করার কথা ভাবছেন।