২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ফিচার আনছে ‘দ্য লাস্ট অফ আস’ রিমেক

“নতুন ফিচারের মাধ্যমে একজন শ্রবণ প্রতিবন্ধী গেইমার বুঝতে পারবেন সাবটাইটেলসহ গেইমের সংলাপের লাইন কীভাবে এবং কতটুকু জোর দিয়ে বলা হয়েছে।”

শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ফিচার আনছে ‘দ্য লাস্ট অফ আস’ রিমেক

ছবি: প্লেস্টেশন স্টুডিওস

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 07:02 PM

Updated : 27 Aug 2022, 07:02 PM

‘প্লেস্টেশন ৫’-এ কেবল এক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে ‘দ্য লাস্ট অফ আস’ গেইমের রিমেইক সংস্করণ। শুক্রবার গেইমের বেশ কয়েকটি নতুন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে সনি। এর মধ্যে রয়েছে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শব্দের অনুভুতি পাওয়ার ফিচার।

সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের প্রতিবেদক গিলেন ম্যাকঅ্যালিস্টারের ব্লগ পোস্ট অনুযায়ী, ‘দ্য লাস্ট অফ আস পার্ট ২’-এর সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি ‘অ্যাক্সেসিবিলিটি ফিচার’ ব্যবহার করেছে গেইমের রিমেইক সংস্করণের নির্মাতা ‘নটি ডগ’।

২৬ অগাস্ট নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘দ্য লাস্ট অফ আস পার্ট ১’-এর একটি ‘ট্রেইলার’ প্রকাশ করেছে প্লেস্টেশন।

আসন্ন গেইমের একটি প্রয়োজনীয় নতুন সুবিধা হচ্ছে বিভিন্ন ‘কাটসিনের’ অডিও বর্ণনা, যা সকল স্থানীয় ভাষায় কাজ করবে বলে এক ব্লগপোস্টে জানিয়েছেন গেইমের পরিচালক ম্যাথিউ গ্যালান্ট।

ব্যবহারকারীর আগ্রহের কেন্দ্রে থাকা গেইমটির আরেকটি নতুন সুবিধা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী গেইমারদের জন্য ‘ডুয়ালসেন্স’ কন্ট্রোলারের ‘হ্যাপটিক ফিডব্যাক’-এর সুযোগ।

“এর মাধ্যমে একজন শ্রবণ প্রতিবন্ধী গেইমার বুঝতে পারবেন সাবটাইটেল সহ গেইমের একটি সংলাপের লাইন কীভাবে এবং কতটুকু জোর দিয়ে বলা হয়েছে।” --বলেছেন গ্যালান্ট।

গ্যালান্টের ভাষ্যমতে, প্রোটোটাইপ হিসেবে শুরু হলেও ফিচারটির জনপ্রিয়তা এখন প্রমাণিত।

এই সব ফিচার সম্পর্কে ধারণা পেতে ব্যবহারকারীকে সনির ব্লগ পোস্ট দেখার পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

কেবল ‘দ্য লাস্ট অফ আস’ গেইমে নতুন ফিচার যোগ করেছে সনি, বিষয়টি এমন নয়। ‘স্পাইডার-ম্যান: মাইলস মোরালেস’, ‘র‍্যাচেট অ্যান্ড ক্ল্যাংক: রিফট অ্যাপার্ট’ এবং ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’-এর মতো গেইমগুলোতেও বেশ কয়েকটি নতুন টুল এসেছে। এরইমধ্যে আসন্ন ‘গড অফ ওয়ার র‍্যাগনারক’ গেইমের বেশ কয়েকটি নতুন বিকল্প সুবিধা দেখিয়েছে সনি।

প্লেস্টেশনের জন্য ‘দ্য লাস্ট অফ আস পার্ট ১’ আসবে ২ সেপ্টেম্বর। পিসি সংস্করণে গেইমটি আনার পরিকল্পনা করলেও এর তারিখ এখনও প্রকাশ করেনি সনি।