স্মার্টফোনে ইউএসবি-সি বাধ্যতামূলক করার পথে ভারত
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজারের দেশটিতে ব্যবহৃত সকল স্মার্টফোনের ৯৫ শতাংশই অ্যান্ড্রয়েডচালিত বলে অনুমান বাজার বিশ্লেষকদের।
ইউরোপকে অনুসরণ করে স্মার্টফোনে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করার পথে হাঁটছে ভারত। নতুন আইন পাশ হলে, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে সকল স্মার্টফোনে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজারে।
এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতের স্মার্টফোনে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করার উদ্যোগের খবর জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড।
সকল স্মার্টওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারের মতো পরিধানযোগ্য ডিভাইসের ক্ষেত্রেও একই চার্জিং প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের সম্ভাব্যতাও যাচাই করছে দেশটি।
এ প্রসঙ্গে ভারতের ভোক্তা দপ্তরের সচিব রোহিত কুমার বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, “মোবাইল এবং পরিধানযোগ্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য দুটি চার্জিং পোর্ট সাধারণ মান হিসেবে নির্ধারণের চেষ্টা করবে সরকার।”
ভারতের নতুন আইনে সকল পরিধানযোগ্য ইলেকট্রনিক ডিভাইসকে এই মানের অধীনে আনা হতে পারে বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। ভার্জ লিখেছে, দেশটিতে ব্যবহৃত সকল স্মার্টফোনের ৯৫ শতাংশই অ্যান্ড্রয়েড বলে অনুমান বাজার বিশ্লেষকদের।
বাজারের বেশিরভাগ স্মার্টফোনেই ইউএসবি-সি পোর্ট ব্যবহার করেন এর নির্মাতারা। তবে, আইফোনে এখনও লাইটনিং পোর্ট ব্যবহার করছে অ্যাপল।
অন্যদিকে, ভারতে আইফোন ১৪ উৎপাদন শুরু হওয়ার পর থেকে দেশটিতে আইফোনের বিক্রিও লক্ষ্যণীয় হারে বাড়ছে বলে জানিয়েছে ভার্জ।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সকল স্মার্টফোনে ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করার উদ্যোগের বিরোধীতা করেছিল অ্যাপল। তবে, আনুষ্ঠানিকভাবে নীতিমালা পরিবর্তনের পর তা মেনে ব্যবসা চালু রাখার কথা বলেছে আইফোন নির্মাতা।
