১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইফোন ১৪: কোন বাজারে দাম কতটা বেড়েছে

ডলারের বিপরীতে মুদ্রার অমূল্যায়ন এবং যন্ত্রাংশের বাড়তি খরচের কারণে অ্যাপল দাম বাড়িয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

আইফোন ১৪: কোন বাজারে দাম কতটা বেড়েছে

আইফোন ১৪ প্রো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 04:36 PM

Updated : 09 Sep 2022, 04:36 PM

আনুষ্ঠানিক ঘোষণায় কোনো ইঙ্গিত না দিলেও বাজারভেদে নতুন আইফোনের দাম বাড়িয়েছে অ্যাপল।

যুক্তরাষ্ট্র আর চীনের বাজার বাদে ইউরোপ আর এশিয়ায় বাজার হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশে নতুন ফ্ল্যাপশিপ সিরিজের ডিভাইসগুলোর সর্বনিম্ন দাম আগের চেয়ে বেড়েছে।

অ্যাপল নতুন আইফোনের দাম বাড়াতে পারে– প্রযুক্তি পণ্যের বাজারে এ গুজব রটেছিল কয়েক মাস আগেই। তবে ৭ সেপ্টেম্বরের ‘ফার আউট’ আয়োজনে কোম্পানি মূল্য বৃদ্ধির কোনো ঘোষণা বা ইঙ্গিত না দেওয়ায় সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, আগের আলোচনা হয়ত গুজব ছিল।

কিন্তু ৩৬ ঘণ্টার ব্যবধানে পাল্টে গেছে দৃশ্যপট।

সিএনবিসি লিখেছে, বিদ্যমান মূল্যস্ফীতি আর বৈশ্বিক মন্দার আশঙ্কার মধ্যে অ্যাপল নতুন আইফোনের দাম নির্ধারণের ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়, প্রযুক্তি খাতের অনেকেরই সেদিকে নজর ছিল। ফলে আইফোন ১৪ সিরিজের চারটি মডেলের দাম না বাড়ানোয় অবাক হয়েছিলেন অনেকেই।

অ্যাপল আইফোন ১৪-এর ‘বেইজ’ মডেলটির সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে ৭৯৯ ডলার, যা আগের বছরের আইফোন ১৩-এর সমান। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের সর্বনিম্ন দাম ধরেছে ১০৯৯ ডলার, যা আইফোন ১৩ প্রো ম্যাক্সের সমান।

কিন্তু, ‘ফার আউট’ আয়োজন শেষে খবর মিলেছে, ওই দাম কেবল যুক্তরাষ্ট্রের জন্যই প্রযোজ্য। নিজের দেশ বাদে বৈশ্বিক পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে নতুন ফ্ল্যাগশিপ সিরিজের দাম বাড়িয়েছে কিউপার্টিনোর প্রযুক্তি জায়ান্ট।

Image

আইফোন ১৪ প্রো।

যুক্তরাজ্য

· আইফোন ১৩-এর সর্বনিম্ন দাম ছিল ৭৭৯ পাউন্ড।

· আইফোন ১৪-এর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪৯ পাউন্ড। (দাম বেড়েছে ৭০ পাউন্ড)

অস্ট্রেলিয়া

· আইফোন ১৩-এর সর্বনিম্ন দাম ছিল এক হাজার ৩৪৯ ডলার।

· আইফোন ১৪-এর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৯৯ ডলার। (দাম বেড়েছে ৫০ ডলার)

জাপান

· আইফোন ১৩-এর সর্বনিম্ন দাম ছিল ৯৮ হাজার আটশ ইয়েন।

· আইফোন ১৪-এর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৯ হাজার আটশ ইয়েন। (দাম বেড়েছে ২১ হাজার ইয়েন)

জার্মানি:

· আইফোন ১৩-এর সর্বনিম্ন দাম ছিল ৮৯৯ ইউরো।

· আইফোন ১৪-এর সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার। (দাম বেড়েছে একশ ইউরো)

আর প্রো ম্যাক্স মডেলগুলোর দাম আরও বেশি বেড়েছে বলে জানিয়েছে সিএনবিসি। যুক্তরাজ্যের বাজারে আইফোন ১৩ প্রো ম্যাক্সের চেয়ে আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম বেড়েছে দেড়শ পাউন্ড।

বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, যন্ত্রাংশের বাড়তি খরচ আর মুদ্রা বাজারের অস্থিতিশীলতা ভূমিকা রেখেছে মূল বৃদ্ধিতে।

বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের অংশীদার নিল শাহ সিএনবিসিকে বলেছেন, “ইউরো এবং ইয়েনের বেশ কিছুটা অমূল্যায়ন হয়েছে, যার ফলে দাম বেড়েছে।”

চীনের বাজারে দাম অপরিবর্তিত

যুক্তরাষ্ট্রের মত চীনের বাজারেও নতুন আইফোনের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল। অ্যাপলের জন্য সবচেয়ে বড় আয়ের উৎসগুলোর একটি হল চীনের স্থানীয় বাজার।

চীনের বাজারে আইফোন ১৪-এর সর্বনিম্ন দাম রাখা হয়েছে পাঁচ হাজার ৯৯৯ ইউয়ান, আর প্রো ম্যাক্স সংস্করণের দাম আট হাজার ৯৯৯ ইউয়ান।

রাশিয়াতেও যাবে আইফোন ১৪

ইউক্রেইন যুদ্ধের জেরে অ্যাপল রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিলেও দেশটির নাগরিকরা নতুন আইফোন কেনার সুযোগ পাবেন বলে স্থানীয় বার্তাসংস্থা আরআইএ নোভোস্তি-কে জানিয়েছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা।

পশ্চিমা অবরোধ-নিষেধাজ্ঞার মুখে মার্চ মাসেই পণ্য আমদানির বিকল্প পরিকল্পনা ঘোষণা করেছিল রাশিয়া। এর ফলে ট্রেডমার্ক মালিকের অনুমতি ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে পণ্য আমদানি অনুমতি পেয়েছেন দেশটির খুচরা বিক্রেতারা।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারই আইফোন ১৪-এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে রাশিয়ার ‘এমটিএস’ মোবাইল নেটওয়ার্ক। ডিভাইসটির ১২৪ গিগাবাইট সংস্করণের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৯৯০ রুবল।

তবে পণ্য সরবরাহে সর্বোচ্চ চয় মাস পর্যন্ত সময় লাগতে পারে এবং কোম্পানি চাইলে অর্ডার বাতিল করতে পারে বলে রাশিয়ার ক্রেতাদের সতর্ক করে দিয়েছে এমটিএস।