২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইম অ্যাওয়ার্ডস ২০২২: বর্ষসেরা এলডেন রিং

এলডেন রিং নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক জর্জ আরআর মার্টিনের সঙ্গে জোট বেঁধেছিলেন গেইমার ও সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।

গেইম অ্যাওয়ার্ডস ২০২২: বর্ষসেরা এলডেন রিং

ছবি: এলডেন রিং

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 02:46 PM

Updated : 30 Dec 2022, 11:14 AM

‘দ্য গেইম অ্যাওয়ার্ডস ২০২২’ আয়োজনে বছরের সেরা ভিডিও গেইমের পুরস্কার জিতে নিয়েছে ‘এলডেন রিং’।

‘গড অফ ওয়ার: রাগনারক’, ‘হরাইজন ফরবিডেন ওয়েস্ট’ আর ‘স্ট্রে’-এর মত জনপ্রিয় আর ব্যবসা সফল গেইমগুলোকে পেছনে ফেলে বছরের সেরা গেইমের তকমা জিতে নিয়েছে ডার্ক ফ্যান্টাসি ঘরানার এ ভিডিও গেইম।

বছরজুড়েই পুরো গেইমিং দুনিয়া আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে আলোচনায় ছিল এলডেন রিং। গেইমটি নির্মাণে জনপ্রিয় ফ্যান্টাসি লেখক জর্জ আরআর মার্টিনের সঙ্গে জোট বেঁধেছিলেন গেইমার আর সমালোচকদের কাছে সমাদৃত পরিচালক হিদেতাকা মিয়াজাকি।

সাম্প্রতিক বছরগুলোতে গেইমিং শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটিতে পরিণত হয়েছে ‘দ্য গেইম অ্যাওয়ার্ডস’। বছরের সেরা গেইমগুলোকে স্বীকৃতি দেওয়া, নতুন গেইমের ঘোষণার পাশাপাশি ট্রেইলারও মুক্তি পায় এ আয়োজনে। এ বছরও তার ব্যতিক্রম ছিল না বলে জানিয়েছে বিবিসি।

এলডেন রিং নির্মাণের পেছনে ছিলেন জনপ্রিয় ‘ডার্ক সোলস’ সিরিজের প্রকৌশলীরা। গেইমের পটভূমি, দৃশ্যায়ন আর সার্বিক অভিজ্ঞতা দিয়ে গেইমারদের মুগ্ধ করেছে ‘ফ্রম সফটওয়্যার’-এর রোলপ্লেইং গেইমটি।

সমালোচকদেরও মন জিতে নিয়েছে এলডেন রিং; রিভিউ সমন্বয়ের ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য বলছে, সমালোচকদের কাছ থেকে গড়ে ৯৬ শতাংশ নম্বর পেয়েছে গেইমটি।

‘গেইম অ্যাওয়ার্ডস’-এ সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে এলডেন রিং। বর্ষসেরা গেইমের স্বীকৃতি ছাড়াও ‘বেস্ট গেইম ডিরেকশন’, ‘বেস্ট আর্ট ডিরেকশন’ এবং ‘বেস্ট রোল প্লেইং গেইম’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে গেইমটি।

Image

ছবি: গড অফ ওয়ার

সেরা গেইমের তকমা হাত ছাড়া হলেও গেইম অ্যাওয়ার্ডসে ছয়টি পুরস্কার জিতেছে ‘গড অফ ওয়ার: রাগনারক’। মূল চরিত্রে কণ্ঠ দিয়ে সেরা পারফর্মেন্সের পুরস্কার জিতেছেন ক্রিস্টোফার জাজ; তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন হলিউডের বর্ষীয়ান তারকা অভিনেতা আল পাচিনো। 

এছাড়া ‘বেস্ট ন্যারেটিভ’, ‘বেস্ট স্কোর’, ‘বেস্ট অ্যাকশন/অ্যাডভেঞ্চার’, ‘বেস্ট অডিও ডিজাইন’ এবং ‘ইনোভেশন ইন অ্যাক্সেসিবিলিটি’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে রাগনারক।

আয়োজনে দুটি করে পুরস্কার জিতেছে ‘স্ট্রে’ এবং ‘ফাইনাল ফ্যান্টাসি ১৪’। বছরের ‘বেস্ট ইনডিপেনডেন্ট গেইম’ এবং ‘বেস্ট ডেবু ইনডিপেনডেন্ট গেইম’-এর স্বীকৃতি পেয়েছে ‘স্ট্রে’।

আর ‘বেস্ট অনগোইং গেইম’ ও ‘বেস্ট কমিউনিটি সাপোর্ট’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে ফাইনাল ফ্যান্টাসি ১৪।