১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

২০২৫ সালে নতুন ইভি তৈরির পরিকল্পনা করছে টেসলা

কীভাবে কমদামী গাড়ি তৈরি করতে হয় সেটি বোঝার জন্য সম্প্রতি একটি ‘হোন্ডা সিভিকে’র ওপরে পরীক্ষা চালিয়েছে টেসলা।

২০২৫ সালে নতুন ইভি তৈরির পরিকল্পনা করছে টেসলা

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 02:52 PM

Updated : 25 Jan 2024, 02:52 PM

গাড়ির বাজারে নতুন শ্রেণির ইভি উৎপাদনের পরিকল্পনা করছে মার্কিন অটোমেকার টেসলা।

২০২৫ সালের মাঝামাঝিতে ‘রেডউড’ কোডনামের এ গাড়ি উৎপাদন শুরু হতে পারে বলে ডিলারদের জানিয়েছে কোম্পানিটি।

সংশ্লিষ্ট চার ব্যক্তির উদধৃতি দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, নতুন গাড়ির মডেলটিকে ‘কম্প্যাক্ট ক্রসওভার’ হিসেবে বর্ণনা করেছে দুটি সূত্র।

অনেক দিন ধরেই ভক্ত ও কোম্পানির বিনিয়োগকারীদের সাশ্রয়ী ইভি ও স্ব-চালিত রোবোট্যাক্সি’র প্রলোভন দেখিয়ে আসছেন টেসলা সিইও ইলন মাস্ক। এগুলোতে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সাশ্রয়ী বিদ্যুচ্চালিত গাড়ির প্ল্যাটফর্ম থেকে এগুলো বানানোর সম্ভাবনা আছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

সম্ভাব্য মডেলগুলোর মধ্যে একটি ২৫ হাজার ডলারের ‘এন্ট্রি লেভেল’-এর গাড়িও থাকতে পারে। এর মাধ্যমে, সস্তা পেট্রোল চালিত গাড়ি ও ইভি’র বাজারে ক্রমাগত বাড়তে থাকা সাশ্রয়ী ইভি’গুলোর (যেমন চীনের বিওয়াইডি)’র সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পাবে কোম্পানিটি।

২০২৩ সালের শেষ প্রান্তিকে বিশ্বের শীর্ষ ইভি নির্মাতা হিসেবে টেসলাকে ছাড়িয়ে গেছে ‘বিওয়াইডি’।

২০২০ সালে সর্বপ্রথম ২৫ হাজার ডলারের গাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক। পরবর্তীতে সে পরিকল্পনা থেকে সরে এলেও সম্প্রতি আবারও এর পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

টেসলার সবচেয়ে সস্তা গাড়ি হল সেডান শ্রেণির ‘মডেল ৩’। বর্তমানে যুক্তরাষ্ট্রে গাড়িটির দাম ৩৮ হাজার ৯৯০ ডলার থেকে শুরু।

গত বছর মাস্ক বলেছিলেন, গাড়ির মতো ব্যয়বহুল পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের যে চড়া সুদ গুনতে হয়, সে সুদের হার নিয়ে তিনি শঙ্কিত।

গত বছর ডিলারদের কাছে ‘রিকোয়েস্ট ফর কোটেশন’ বা ‘রেডউড’ মডেলের দাম প্রস্তাবের আমন্ত্রণ পাঠিয়েছে টেসলা। আর কোম্পানিটি সপ্তাহে এ মডেলের দশ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করবে বলে পূর্বাভাস দিয়েছে দুটি সূত্র।

তিনটি সূত্র জানিয়েছে, এ গাড়ির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের জুনে। তবে নিজেদের নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য তারা দিয়েছেন রয়টার্সকে।

এ প্রসঙ্গে রয়টার্স টেসলার মন্তব্য জানতে চাইলেও সাড়া মেলেনি।

বুধবার বিকেলে টেসলার প্রান্তিকের হিসাব প্রকাশের আগে, বিনিয়োগকারীদের সর্বাধিক ভোট পাওয়া প্রশ্নগুলোর একটি ছিল ‘পরবর্তী প্রজন্মের কম্প্যাক্ট যান কবে আসছে?’।

সে বৈঠকে ২০২৪ সালের সরবরাহে ২১ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি, যা তিন বছর আগে মাস্কের নির্ধারিত ৫০ শতাংশ বার্ষিক আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।

গত বছরের মে মাসে মাস্ক বলেছিলেন, ইভি নির্মাতা কোম্পানিটি দুটি নতুন পণ্য নিয়ে কাজ করছে। বছরে সর্বমোট ৫০ লাখ ইউনিট বিক্রির সম্ভাবনা রয়েছে এ পণ্য দুটির।

‘উভয় পণ্যের নকশা ও উৎপাদন প্রক্রিয়া এ খাতের অন্য যেকোনো কৌশলের চেয়ে উন্নত।’ – টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে বলেন মাস্ক।

পাশাপাশি, একই গাড়ির নির্মাণশৈলির ওপর ভিত্তি করে সাশ্রয়ী রোবোট্যাক্সি ও ২৫ হাজার ডলারের এন্ট্রি-লেভেল ইভি তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার – সেপ্টেম্বরে প্রকাশিত সিএনএনের প্রাক্তন সিইও ওয়াল্টার আইজ্যাকসনের লেখা ইলন মাস্কের জীবনীতে উঠে এসেছে বিষয়টি। সে বইতে মাস্কের এমনকি তার কোম্পানির নির্বাহী কর্মকর্তাদের সাক্ষাৎকারও আছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

২০২২ সালে মাস্ক বলেছিলেন, ২০২৪ সাল থেকে নিজেই চলতে পারে, এমন আধুনিক নকশার ট্যাক্সি বানাবে তার কোম্পানি।

গত বছরের মার্চে কোম্পানির পরবর্তী প্রজন্মের গাড়ি তৈরির খরচ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছিলেন মাস্ক ও টেসলার অন্যান্য নির্বাহী কর্মকর্তা। তবে, এগুলো কবে নাগাদ বাজারে আসবে, তার কোনো সময়সীমা দেননি তারা।