Published : 30 Sep 2025, 06:50 PM
ইন্টারনেটের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব আজ কোটি কোটি মানুষের প্রতিদিনের বিনোদন, তথ্য আর শেখার ভরসা। ২০০৫ এর ১৪ ফেব্রুয়ারি প্ল্যাটফর্মটির সূচনা হয়েছিল, সেই দিনেই তিন সাবেক পেপাল কর্মী স্টিভ চেন, চ্যাড হার্লি আর জাভেদ করিম একত্র হয়ে ঠিক করেছিলেন নাম ‘ইউটিউব’।
করিম পরে বলেছিলেন, “১৪ ফেব্রুয়ারিই ছিল ইউটিউবের কাজ শুরু হওয়ার দিন।” সেদিনই ডোমেইন নামটি রেজিস্ট্রেশন হয়েছিল।
তবে আশ্চর্যের বিষয় হলো, যে ইউটিউবকে আজ আমরা জানি সেটি প্রতিষ্ঠাতাদের প্রাথমিক ভাবনা ছিল না। ইউটিউব শুরু হয়েছিল একটি অনলাইন ডেটিং সাইট হিসেবে।
হ্যাঁ, প্রথম দিকে ইউটিউবের উদ্দেশ্যই ছিল মানুষকে ভিডিওর মাধ্যমে একে অপরের সঙ্গে ডেটিংয়ে যুক্ত করা। ইন্টারনেট আর্কাইভের ওয়েব্যাক মেশিনে গিয়ে ২০০৫ সালের এপ্রিল মাসের প্রথম আর্কাইভ দেখলেই বোঝা যায় বিষয়টি।
প্রযুক্তি সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে লগইন সেকশনের নিচেই ছিল একটি ফর্ম, যেখানে ব্যবহারকারীরা লিখতে পারতেন তাদের জেন্ডার, কাকে খুঁজছেন এবং ডেটিংয়ের জন্য কোন বয়সসীমা চান। ডোমেইন নামটি ভালোবাসা দিবসে রেজিস্ট্রেশন হওয়ার ঘটনাও তখন অনেকটা অর্থবহ মনে হয়।
কিন্তু সমস্যা হলো, কেউই ইউটিউবের এই ডেটিং সংস্করণে যোগ দেননি। এমনকি সাইটে কনটেন্ট আনতে তিন প্রতিষ্ঠাতা বিজ্ঞাপন ওয়েবসাইট ‘ক্রেইগসলিস্টে’ বিজ্ঞাপন দিয়েছিলেন- “২০ ডলারের বিনিময়ে ভিডিও আপলোড করুন” কিন্তু কেউ সাড়া দেননি। পরবর্তীতে নিজেরাই স্বীকার করেছেন, ডেটিং ওয়েবসাইট হিসেবে ইউটিউবের সেই প্রথম উদ্যোগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল।
তাই তারা খুব শিগগিরই কৌশল পাল্টে ফেলেন। ডেটিং বাদ দিয়ে প্ল্যাটফর্ম খুলে দেন সব ধরনের ভিডিও আপলোডের জন্য। এর পরপরই আসে ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও।
২০০৫ সালের ২৩ এপ্রিল করিম নিজেই আপলোড করেন ‘মি এট দ্য জু’ নামের ভিডিও। এতে তাকে দেখা যায় সান দিয়েগো চিড়িয়াখানায় হাতির সামনে দাঁড়িয়ে ক্যামেরায় কথা বলছেন।
ডিসেম্বর ২০০৫-এ ইউটিউব আনুষ্ঠানিকভাবে চালু হয়। যদিও এটি প্রথম ভিডিও প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু ইউটিউবের সৌভাগ্য হয় অন্য জায়গায়। চালুর সেই একই সপ্তাহে ‘স্যাটারডে নাইট লাইভ’ সম্প্রচার করেছিল ‘লেজি সানডে’ স্কেচ। অননুমোদনহীন ভিডিওটি ইউটিউবে আপলোড হয়ে যায় এবং মুহূর্তেই ভাইরাল হয়। তখনই ইউটিউব হয়ে ওঠে ভাইরাল কনটেন্টের প্রধান গন্তব্য।
এরপরের ইতিহাস সবারই জানা। ২০০৬ সালের নভেম্বরে, চালুর এক বছরেরও কম সময়ে ১৬৫ কোটি ডলারে গুগল ইউটিউব কিনে নেয়।
আজ যখন ইউটিউবের বয়স ২০, এর সূচনালগ্নের সেই অদ্ভুত গল্পটিই সবচেয়ে বেশি বিস্ময় জাগায় একসময় এটি ছিল একটি ব্যর্থ ডেটিং সাইট। আর সেই ব্যর্থতাই আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ভিডিও প্ল্যাটফর্মের জন্ম দিয়েছে।