সর্বশেষ নয়, সবচেয়ে বেশি ‘লাইক পাওয়া পোস্ট’ এক্স ফিডের শীর্ষে
নতুন এই পদ্ধতিতে ব্যবহারকারী নিজের নতুন ও সাম্প্রতিক পোস্টের বদলে দেখতে পাবেন তার জনপ্রিয় পোস্টগুলো।
ব্যবহারকারীর প্রোফাইলের পোস্ট এখন লাইক সংখ্যার ভিত্তিতে সাজাচ্ছে এতদিন টুইটার নামে পরিচিতি পাওয়া সামাজিক মাধ্যম এক্স।
এর আগে ব্যবহারকারীর পোস্ট দেখা যেত কালানুক্রমিক ফিড হিসেবে। তবে, এখন ব্যবহারকারী লগ আউট করে পুনরায় সাইন ইন করলে তা সাজানো থাকে পোস্টের (এর আগে ‘টুইট’ নামে ডাকা হতো) লাইক সংখ্যার ভিত্তিতে। বিষয়টি প্রথম চিহ্নিত করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘৯টু৫গুগল’।
এমনটি করার কারণ, তুলনামূলক বেশি ভিউ থাকা পোস্টে তেমন লাইক না পড়া। এই বদলকে ‘অদ্ভুত’ হিসেবে আখ্যা দিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। বিশেষ করে কারও সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টটি কয়েক বছর পুরোনো হতে পারে, ওই বিবেচনায়।
নতুন এই পদ্ধতিতে ব্যবহারকারী নিজের নতুন ও সাম্প্রতিক পোস্টের বদলে দেখতে পাবেন তার জনপ্রিয় পোস্টগুলো।
টেকক্রাঞ্চের পরীক্ষায় দেখা যায়, ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে লগ আউট করার পর তার পিন করা পোস্টও ফিডের শীর্ষে অবস্থান করছে না। ফলে, এই ফিচার থাকার কোনো যুক্তিই থাকে না।
এক্স-এর এই বদল আনার পেছনের কারণটি অজানা। তবে, লগ আউট হওয়া ব্যবহারকারীদের সবচেয়ে জনপ্রিয় পোস্টগুলো প্রথমদিকে দেখা গেলে তার ফলোয়ার সংখ্যা বাড়বে বা নতুন ব্যবহারকারী এতে সাইন আপ করতে আগ্রহী হবে, এমন বিবেচনায় কোম্পানি এমনটি করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।
গত বছর মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বেশ কিছু পরিবর্তন এসেছে সামাজিক মাধ্যমটিতে। ১৭ অগাস্ট সকালে পুরোনো গ্রাহক ভিত্তিক ‘টুইটডেক’ সেবাটির নাম বদলে ‘এক্স প্রো’ রেখেছে কোম্পানিটি।
এই পদক্ষেপ অবশ্য চমকপ্রদ বিষয় নয়। জুনেই কোম্পানিটি বলেছিল, শীঘ্রই কেবল ভেরিফাই হওয়া ব্যবহারকারীরা ‘টুইটডেক’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
