২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইওর চাকরি খেয়ে টুইটারে মাস্ক পর্বের সূচনা

টুইটারের মালিক হয়ে মাস্ক টুইট করেছেন– “দ্য বার্ড ইজ ফ্রিড।”

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 09:53 AM

Updated : 29 Oct 2022, 05:37 PM

অনেক নাটকের পর ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার সব আনুষ্ঠানিকতা সেরে এই সোশাল মিডিয়া কোম্পানির মালিক হিসেবে আবির্ভূত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

বিবিসি জানিয়েছে, টুইটারে মাস্ক পর্বের সূচনা হয়েছে সিইও পারাগ আগরাওয়ালসহ কয়েকজন শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করার মধ্য দিয়ে।  

টুইটারের অধিগ্রহণ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি দীর্ঘ কাহিনীরও যবনিকাপাত ঘটল, যেখানে মাস্কের বার বার মন বদল, টুইটারের বিক্রি হতে না চাওয়া এবং পরে মাস্ককে চুক্তি অনুযায়ী কিনতে বাধ্য করতে আদালতে যাওয়ার মত নাটকীয় উত্থান পতন দেখেছে বিশ্ব।

অধিগ্রহণ চুক্তি সারতে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে পা দিয়েছিলেন নয়া ‘চিফ টুইট’; সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটি সিঙ্ক!

সেই ভিডিও টুইট করে মাস্ক ক্যাপশনে লিখেছিলেন, ‘এন্টারিং টুইটার এইচকিউ – লেট দ্যাট সিঙ্ক ইন’। টুইটারে এখন তিনি নিজের পরিচয় দিচ্ছেন ‘চিফ টুইট’ বলে।

আর অধিগ্রহণ পর্ব সেরে টুইট করে মাস্ক বলেছেন, তার টুইটার কেনার উদ্দেশ্য ‘টাকা বানানো নয়’ ।

অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হওয়ার খবর বিবিসিকে নিশ্চিত করেছেন টুইটারের বিনিয়োগকারী রস গার্বার।

গার্বার কাওয়াসাকি ইনভেস্টমেন্টের এই প্রধান নির্বাহী বলেন, “আমার মনে হয়ে আদালত তাকে বাধ্য করেছে। সত্যি বলতে, শুরু থেকেই এটা খুব গোলমেলে ছিল।”

মাস্কের ‘আক্রমণাত্মক’ আচরণে টুইটার আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছিল বলে মনে করেন তিনি।

অন্যদিকে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, কোম্পানি মাস্কের অধীনে যাওয়া মাত্র পারাগ আগরাওয়াল ছাড়াও বরখাস্ত হয়েছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়ক শীর্ষ নির্বাহী বিজয়া গাড্ডে, প্রধান আইনজীবী শন এজেট এবং প্রধান গ্রাহকসেবা কর্মকর্তা সারাহ পার্সোনেট।

শুক্রবার টুইটার শেয়ারের লেনদেন স্থগিত রেখেছে নিউ ইয়র্ক স্টক এক্সেচেঞ্জ।

গত কয়েক মাসে প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলোর শেয়ার দরে পতন আর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে টুইটারের নতুন সেবাগ্রাহকদের আকৃষ্ট করার ব্যর্থতার কারণে বাজার বিশ্লেষকদের অনেকেরই মত, বেশি দাম দিয়ে টুইটার কিনেছেন মাস্ক।

কিন্তু টেসলার সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় মাস্ক দাবি করেছিলেন, টুইটার এমন একটা সম্ভাবনাময় সম্পদ যা দীর্ঘ দিন ধরে পিছিয়ে পড়ে আছে।

তবে বাজারদরের চেয়ে বেশি দামেই যে টুইটার কিনছেন, তা অকপটে স্বীকার করে নিয়েছিলেন টেকনোকিং।

টুইটারের সামনে নতুন ভবিষ্যৎ

বিবিসি লিখেছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদায় করে দিলেও মাস্ক নিজে হয়ত এখন প্রধান নির্বাহীর পদে বসছেন না। তবে কোম্পানি যে এখন পুরোপুরি ‘চিফ টুইট’-এর নিয়ন্ত্রণে, তা নিশ্চিত।

প্রধান নির্বাহী পারাগ আগরাওয়ালের সঙ্গে মাস্কের মতবিরোধের বিষয়টি উঠে এসেছিল আদালতে জমা দেওয়া নথিপত্রে থেকেই। তাই আগরাওয়ালের বিদায় সেই অর্থে অপ্রত্যাশিত ছিল না। আর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির দিক পরিবর্তনেরও স্পষ্ট সঙ্কেত এটি।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল জনপ্রতিনিধিদের অনেকেই আগরাওয়ালের প্রস্থানকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আগরাওয়াল এবং তার পূর্বসূরী জ্যাক ডরসিকে ‘উদারপন্থী এবং বাকস্বাধীনতার জন্য প্রতিবন্ধকতা’ হিসেবে বিবেচনা করেন রক্ষণশীলদের অনেকে। এ দুজনের কারণে টুইটার রক্ষণশীল কণ্ঠে সেন্সরশিপ আরোপ করছিল বলেও অভিযোগ তাদের।

বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুয়া তথ্য প্রচারের অভিযোগে টুইটারে নিষিদ্ধ হওয়া ব্যক্তিরাও এখন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটিতে ফেরার সুযোগ পেতে পারেন বলে জানিয়েছে বিবিসি।

টুইটারে নিষিদ্ধ হওয়া রক্ষণশীলদের তালিকায় ডনাল্ড ট্রাম্প থাকলেও, আর কখনোই টুইটারে ফিরবেন না বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

নাটকীয়তার শুরু বছরের শুরুতে

টুইটারে মাস্কের বিনিয়োগের বিষয়টি প্রথমে সবার চোখ এড়িয়ে গিয়েছিল। জানুয়ারি মাস থেকেই টুইটারের শেয়ার কিনছিলেন টেসলা ও স্পেসএক্স প্রধান। মার্চ মাসে খবর রটে, টুইটারে ৫ শতাংশের বেশি শেয়ার কিনে নিয়েছেন তিনি।

এপ্রিল মাসের মধ্যে কোম্পানির সবচেয়ে বেশি শেয়ারের মালিকে পরিণত হন মাস্ক; মাস শেষ হওয়ার আগেই ৪ হাজার ৪০০ কোটি ডলারে কোম্পানি কিনে নেওয়ার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।

সে সময়ে স্প্যাম অ্যাকাউন্ট দূর করে প্ল্যাটফর্মটিকে ‘বাকস্বাধীনতার মুক্তমঞ্চ’ হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছিলেন মাস্ক।

কিন্তু মে মাসের মাঝামাঝি সুর পাল্টান; প্ল্যাটফর্মে বট ও স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা টুইটারের কর্মকর্তাদের দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ তোলেন।

জুলাই মাসে সমঝোতা চুক্তি থেকে সরে আসার ইচ্ছা জানান মাস্ক। কিন্তু টুইটারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তুলে বলা হয়, সমঝোতা চুক্তির কারণে অধিগ্রহণ সম্পন্ন করতে আইনত বাধ্য ইলন মাস্ক।

টুইটার এরপর আদালতেও যায়। সর্বশেষ অক্টোবর মাসে মামলার বিচার কাজ শুরু হওয়ার আগ মুহূর্তে আবার মত পাল্টান মাস্ক। বিচার প্রক্রিয়া স্থগিত করলে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।

টুইটার মাস্কের প্রতিশ্রুতিতে রাজি না হলেও, মাস্ককে দুই সপ্তাহ সময় দিয়ে বিচার কাজ স্থগিত করে ডেলাওয়্যারের আদালত। সেই সময় শেষ হওয়ার আগেই টুইটারের নিয়ন্ত্রণ নিলেন টেসলা বস।