২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইম প্রতিযোগিতায় দুয়োর মুখে মাস্ক, দাবি ‘টুইটার’ ফেরানোর

মাস্কের টুইটার অধিগ্রহণের বিষয়টি তারা সহজভাবে নিতে পারেননি। যখনই ক্যামেরায় মাস্কের চেহারা দেখা গেছে, তখনই তাকে দুয়োধ্বনি দিয়েছেন দর্শকরা।

গেইম প্রতিযোগিতায় দুয়োর মুখে মাস্ক, দাবি ‘টুইটার’ ফেরানোর

এ বছরের আয়োজনে দর্শকদের একাংশ

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 07:44 PM

Updated : 31 Aug 2023, 09:22 PM

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত এক গেইমিং প্রতিযোগিতায় দর্শকদের ‘রোষানলে’ পড়েছেন সামাজিক মাধ্যম ‘এক্স’-এর মালিক ইলন মাস্ক, যা এর আগে টুইটার পরিচিত ছিল।

শনিবার ‘ভ্যালোর‍্যান্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল’ নামের ওই আয়োজনে উপস্থিত দর্শকদের দেখে মনে হয়েছে, মাস্কের টুইটার অধিগ্রহণের বিষয়টি তারা সহজভাবে নিতে পারেননি। যখনই ক্যামেরায় মাস্কের চেহারা দেখা গেছে, তখনই তাকে দুয়োধ্বনি দিয়েছেন দর্শকরা।

ইনসাইডার বলছে, টুর্নামেন্টে নিজ সন্তানের সঙ্গে হাজির হয়েছিলেন মাস্ক।

এর মধ্যে আয়োজনের একটি ক্লিপ মাস্কের সামাজিক মাধ্যম এক্স-এর ব্যবহারকারীরা দেখেছেন এক কোটি ৪০ লাখেরও বেশিবার।

“কোথা থেকে আসছে এটি? এখান থেকে নয় নিশ্চয়ই।” --টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতা মাস্ককে দুয়োধ্বনি দেওয়ার দৃশ্য ক্যামেরায় সম্প্রচার হওয়ার পর বলেন টুর্নামেন্টের এক ধারাভাষ্যকার।

এমনকি পরবর্তীতে ক্যামেরা গেইম খেলার দৃশ্যে নিয়ে যাওয়ার পরও দর্শকরা দুয়োধ্বনি অব্যাহত রাখেন। আর এক পর্যায়ে তারা শ্লোগান দিতে থাকেন,“ব্রিং ব্যাক টুইটার” বা টুইটার ফিরিয়ে আনো!

এমনকি টুর্নামেন্টের দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কথা চলছে মাস্কের প্ল্যাটফর্মেও।

এক এক্স ব্যবহারকারী লেখেন, “ভ্যালোর‍্যান্ট গেইমারদের দুয়োধ্বনি শোনা অনেকটা স্কুলের অ্যানিমে ক্লাবে র‍্যাগিংয়ের মতো ঘটনা।”

টুইটারের নীল রঙের পাখির লোগো বদলে কালো রঙের এক্স লোগোতে নেওয়ার বিষয়টি সমালোচনা করে আরেক ব্যবহারকারী লেখেন, “লল! আমাদের নতুন লোগো লাগবে।”

এর মধ্যে একজন বলেন, ওই দুয়োধ্বনি এতটা বাজে ছিল না।

“তারা এর চেয়েও বাজে কিছু বলতে পারত, সেটি বিবেচনায় নিলে শ্লোগানটিকে ভালোই বলতে হবে।”

গত বছর টুইটার অধিগ্রহণের পর জনপ্রিয় ও প্রভাবশালী সামাজিক মাধ্যমটিতে বিভিন্ন বদল আনা নিয়ে ক্রমাগতই সমালোচনার মুখে পড়েছেন মাস্ক।

সামাজিক মাধ্যমটির নীতিমালায় বদল আনার পাশাপাশি এর পরিচিত নাম বদলে ‘এক্স’ করা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত মাসে সান ফ্রানসিস্কোয় অবস্থিত কোম্পানির সদর দপ্তরে বিশাল ‘এক্স’ লোগো সংযোজনের পর ওই বিলবোর্ডের তীব্র আলো নিয়ে এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ জানান। ফলে, লোগোটি নামাতে বাধ্য হয় কোম্পানি।

এই মাসেই মাস্কের রোষানলে পড়ার প্রথম ঘটনা নয় এটি। ২৩ অগাস্ট মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স-এর বিরুদ্ধে ‘কর্মী নিয়োগে বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ তুলে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ।