থ্রেড: অ্যাপস্টোরে চলে এসেছে মেটার ‘টুইটার কিলার’ অ্যাপ
অ্যাপের স্ক্রিনশট বলছে, এটি দেখতে অনেকটা সাদাকালো টুইটারের মতেই। আর মেটা একে বর্ণনা করছে ‘টেক্সট ভিত্তিক কথোপকথনের অ্যাপ’ হিসেবে।
নতুন অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা। মোটা দাগে একে টুইটারের বিকল্প দাঁড় করানোর চেষ্টা বলেই মনে করা হচ্ছে।
নতুন এই অ্যাপের নাম ‘থ্রেডস’। এরইমধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে এর প্রিঅর্ডার শুরু হয়েছে। আর এটি সরাসরি যুক্ত থাকবে ইনস্টাগ্রামের সঙ্গে। কোম্পানি বলছে, এটি চালু হবে বৃহস্পতিবার থেকে।
অ্যাপের স্ক্রিনশট বলছে, এটি দেখতে অনেকটা সাদাকালো টুইটারের মতেই। আর মেটা একে বর্ণনা করছে ‘টেক্সট ভিত্তিক কথোপকথনের অ্যাপ’ হিসেবে।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ ও টুইটারের মালিক ইলন মাস্কের মধ্যে চলমান প্রতিযোগিতার সর্বশেষ ধাপ হিসেবেই এই পদক্ষেপ এল।
গেল মাসেই তারা দুইজন লোহার খাঁচায় মুষ্টিযুদ্ধে নামতে রাজী হন। তবে তাতে তারা কতটা সিরিয়াস, সেটি পরিষ্কার নয়।
“হায় খোদা! তারা কীরকম ঠাণ্ডা মাথায় এগোচ্ছে!” --মেটার নতুন অ্যাপ নিয়ে এক টুইটের জবাবে জাকারবার্গকে খোঁচা দিয়ে বলেন মাস্ক। মাস্ক অবশ্য ‘খোদা’ শব্দটি বলেননি, তিনি লিখেছেন “Goodness!”
সেইসঙ্গে টুইটার বলেছে, তাদের জনপ্রিয় ইউজার ড্যাশবোর্ড ‘টুইটডেক’ আর্থিক ফি’র অধীনে চলে আসবে ৩০ দিনের মধ্যে। একে টুইটার ‘ব্লু’ সেবায় মাস্কের ‘লোক টানার চেষ্টা’ হিসেবেই দেখা হচ্ছে।
এর ঠিক আগেই শনিবার ‘ডেটা স্ক্র্যাপিং’-এর কারণ দেখিয়ে ব্যবহারকারীর টুইট দেখার সংখ্যা বেঁধে দেন এই মার্কিন ধনকুবের।
নতুন সেবা সম্পর্কে মেটা বলেছে- “থ্রেডস এমন এক জায়গা, যেখানে বিভিন্ন কমিউনিটি এখানে এসে দৈনন্দিন বিষয় থেকে শুরু করে আগামিতে কী ধরনের ট্রেন্ড চলবে, তা নিয়ে আলোচনায় মাতবেন।” – এই বর্ণনা রয়েছে অ্যাপ স্টোরে অ্যাপের সঙ্গে।
মেটার তৈরি অ্যাপ মানেই হচ্ছে, থ্রেডস অ্যাপটি লোকেশন ডেটা, কেনাকাটা ও ব্রাউজিং হিস্ট্রি’সহ ব্যবহারকারীর ফোনের বিভিন্ন ডেটায় নজর রাখবে - উল্লেখ রয়েছে বিবিসির প্রতিবেদনে।
সাম্প্রতিক বছরগুলোয় টুইটারের সঙ্গে মিল থাকা বেশ কিছু অ্যাপ এসেছে। এর মধ্যে রয়েছে ডনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশাল’ ও ‘মাসটোডন’।
টুইট দেখার সংখ্যা সীমিত করে দেওয়ার পরপরই একই শ্রেণির আরেক অ্যাপ ব্লুস্কাইয়ে ‘রেকর্ড’ ট্রাফিক দেখা গেছে।
তবে, মেটার আসন্ন অ্যাপটি এখন পর্যন্ত টুইটারের সবচেয়ে বড় হুমকি হতে পারে বলে প্রতিবেদনে বলেছে বিবিসি।
অন্যান্য কোম্পানির ‘আইডিয়া মেরে দেওয়ার’ ঘটনা জাকারবার্গের জন্য নতুন কিছু নয়।
মেটার রিলস ফিচারটি বিস্তৃতভাবে দেখা হয় ‘টিকটকের নকল’ হিসেবে। আর ‘স্টোরিজ’ ফিচারটি আসার সময়ও স্ন্যাপচ্যাটের নকল বলে রব উঠেছিল।
টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেটার হাতে যথেষ্ঠ রসদ আছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতো শূন্য থেকে শুরু না করে বরং এর সংযোগ থাকবে কোটি কোটি মেটা অ্যাকাউন্টের সঙ্গে।
কয়েকটি জায়গায় মাস্ক ‘বাক স্বাধীনতার কাণ্ডারী’ হিসাবে প্রশংসিত হলেও অনেক ব্যবহারকারীই তার থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।
বিবিসি বলছে, জাকারবার্গের আশা থাকবে, তিনি ‘পুরোনো ঘাট ছেড়ে আসা’ ওইসব লোকদের নতুন এই অ্যাপে নিয়ে এসে সত্যিকারের ‘বিকল্প টুইটার’ বানাতে পারবেন।
