৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অ্যান্ড্রয়েড অপেরা ব্রাউজারে মিলছে ফ্রি ই-সিম, ৩ জিবি ডেটা

ই-সিম ও তিন জিবি ডেটা পাওয়ার জন্য ব্যবহারকারীদের কোনো পেমেন্ট তথ্য বা ক্রেডিট কার্ডের বিবরণও দিতে হবে না।

অ্যান্ড্রয়েড অপেরা ব্রাউজারে মিলছে ফ্রি ই-সিম, ৩ জিবি ডেটা

বিশ্বের ৪৭টি দেশে একই ই-সিম কাজ করায় এটা বারবার ডিজিটালি পরিবর্তন করার প্রয়োজন নেই। ছবি: অপেরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 04:13 PM

Updated : 30 Sep 2026, 04:13 PM

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অপেরা ওয়েব ব্রাউজার অ্যাপে এখন বিনামূল্যে একটি ই-সিম ও তিন জিবি ফাইভজি ডেটা সুবিধা যোগ হয়েছে।

নতুন পদক্ষেপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে মোবাইল কানেক্টিভিটি পাওয়া যাবে, যা ভ্রমণকারীদের জন্য দারুণ এক সমাধান হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

পাসপোর্টে সিল পড়ার পর বারবার ঝামেলা পোহাতে পছন্দ করেন না এমন যাত্রীরা এখন সহজেই এ সুবিধা নিতে পারবেন।

ডিজিটাল সিম কার্ডটি সরাসরি ব্রাউজারের মধ্যেই বিল্ট-ইন করা আছে। ফলে ব্যবহারকারীরা প্লাস্টিকের সিম কার্ড বদলানোর ঝামেলা ছাড়াই বিদেশে গিয়ে স্থানীয় নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন।

ব্রাউজারে এমবেড করা থাকলেও অপেরার ই-সিম পুরো ফোনের জন্যই ইন্টারনেট অ্যাক্সেস দেবে, যার ফলে ব্যবহারকারীরা রোমিং চার্জ ছাড়াই অন্যান্য অ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

তবে, এর সব সেটিং ব্রাউজার অ্যাপের মাধ্যমেই পরিচালনা করতে হবে। এখানে কিছু শর্তও রয়েছে।

প্রথমত, তিন জিবি ডেটা খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে, বিশেষ করে ট্রেনে বসে ইউটিউব দেখার মতো কাজে। ফ্রি ডেটা অ্যাক্টিভেট করার তিন দিন পরেই এর মেয়াদ শেষ হয়ে যায়, যেখানে বিদেশ ভ্রমণ তিন দিনে শেষ না-ও হতে পারে।

স্বাভাবিকভাবেই অপেরা চায় ব্যবহারকারীরা আরও ডেটা কিনুন, সে কারণে তিন জিবি ফায়ার হয়ে গেলে ব্যবহারের জন্য বেশ কয়েকটি পেইড বা সচল প্ল্যানও রাখা হয়েছে।

এতে সুবিধাজনক আরেকটি দিক হল, কোনো দীর্ঘমেয়াদী চুক্তি বা বাধ্যবাধকতা নেই।

অপেরা বলেছে, ই-সিম ও তিন জিবি ডেটা পাওয়ার জন্য ব্যবহারকারীদের কোনো পেমেন্ট তথ্য বা ক্রেডিট কার্ডের বিবরণও দিতে হবে না। ডেটা শেষ হওয়ার পরই কেবল অর্থপ্রদানের প্রশ্ন আসবে।

বিশ্বের ৪৭টি দেশে একই ই-সিম কাজ করায় এটা বারবার ডিজিটালি পরিবর্তন করার প্রয়োজন নেই। এসব দেশের মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বের বিভিন্ন স্থানে এই ই-সিম ব্যবহার করা গেলেও তিন জিবি ফ্রি ডেটা সুবিধাটি কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও পোল্যান্ডের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

পরবর্তীতে অতিরিক্ত ডেটা প্ল্যানের ক্ষেত্রে ৩ জিবি, ৫ জিবি ও ১০ জিবির অপশন রয়েছে। আর দাম নির্ভর করবে ব্যবহারকারী কোন দেশে অবস্থান করছেন তার ওপর।

সেবাটি কেবল অ্যান্ড্রয়েড ১০ ও এর পরবর্তী সংস্করণের জন্য মিলবে। এ ছাড়া, ফোনটি ই-সিম সামঞ্জস্যপূর্ণ ও ক্যারিয়ার-লকড ছাড়া হতে হবে।

আইওএস সংস্করণে এ সুবিধা আসবে কিনা এমন প্রশ্নে অপেরার একজন প্রতিনিধি বলেছেন, এই মুহূর্তে এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

অপেরা মোবাইল ব্রাউজারটিতে আগে থেকেই ভিপিএন বিল্টইন রয়েছে। সম্প্রতি কোম্পানিটি ফুটবল ভক্তদের জন্য একটি হাবের মতো নতুন ফিচারের মাধ্যমে তাদের সফটওয়্যার নিয়মিত আপডেট করে চলেছে।

প্ল্যাটফর্মটিতে সম্প্রতি ‘নিয়ন’ নামের এক এআইচালিত এজেন্ট ব্রাউজারও চালু হয়েছে।