প্রাইভেসি ও এডিটিং সহজ করতে গুগল ফটোসের নতুন টুল
এ ফিচারে টুল ছাড়াও যোগ হয়েছে বেশ কিছু নতুন ফন্ট ও কলম বা হাইলাইটারের পুরুত্ব নিখুঁতভাবে নিয়ন্ত্রণের জন্য বিশেষ স্লাইডার।
ছবি এডিটিং আরও সহজ করতে গুগল ফটোস অ্যাপে একগুচ্ছ নতুন এডিটিং ও এআই ফিচার যোগ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
এর মধ্যে অন্যতম নতুন ‘রিড্যাক্ট’ নামের টুল, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবির যে কোনো সংবেদনশীল তথ্য বা প্রাইভেসি রক্ষা করতে অপ্রয়োজনীয় অংশ ঝাপসা করে দিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
নতুন এসব আপডেট নিয়ে গুগল বলেছে, “ধরা যাক, আপনার কাছে একটি গাড়ির ছবি আছে ও আপনি এর নম্বরপ্লেটটি লুকিয়ে বা সেন্সর করতে চান সে ক্ষেত্রে কেবল রিড্যাক্ট টুল ব্যবহার করে ছবির ওই অংশটি একটি পিক্সেলওয়ালা ব্লকে পরিণত করা সম্ভব।”
রিড্যাক্ট টুলটি গুগল ফটোসের উন্নত মার্কআপ ফিচারের অংশ। নতুন এ মার্কআপ ফিচারে রিড্যাক্ট ছাড়াও যোগ হয়েছে বেশ কিছু আকর্ষণীয় নতুন ফন্ট ও কলম বা হাইলাইটারের পুরুত্ব নিখুঁতভাবে নিয়ন্ত্রণের জন্য বিশেষ স্লাইডার।
বর্তমানে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সব গুগল ফটোস ব্যবহারকারীর জন্য এসব মার্কআপ টুল চালু করা হচ্ছে।
মার্কআপ ফিচারের পাশাপাশি গুগল বলেছে, তাদের জনপ্রিয় ‘ওয়ার্ডরোব’ বা পোশাকের ক্যাটালগ সংক্রান্ত ফিচারটি আরও বিস্তৃত পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র, ভারত বা ব্রাজিলের অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীরা যদি এখনও এ ফিচারের সুবিধা না পেয়ে থাকেন তবে খুব দ্রুতই তা নিজেদের অ্যাকাউন্টে যোগ করতে হবে।
কোম্পানিটির ভাষ্য, “আপনি ওয়ার্ডরোব ফিচার ব্যবহার করে ফোনের লাইব্রেরিতে থাকা ছবি থেকে নিজের জামাকাপড় ও গহনার একটি ডিজিটাল ক্যাটালগ তৈরি করে নিতে পারবেন, যা পরবর্তীতে বিভিন্ন স্টাইলিং আইডিয়া বা পোশাকের পরিকল্পনা করতে দারুণ কাজে দেবে।”
গুগল ফটোসে ‘জেমিনাই স্পার্ক’-এর সংযুক্তি নিয়েও নতুন আপডেট এনেছে মার্কিন সার্চ জায়ান্টটি।
যুক্তরাষ্ট্রের ‘গুগল এআই প্রো’ বা ‘আল্ট্রা’ সাবস্ক্রাইবাররা এখন থেকে একটিমাত্র প্রম্পট ব্যবহার করেই খুব সহজে ছবি খুঁজে বের করা ও তা এডিট করার সুবিধা পাবেন।
এ ছাড়া, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘মুডস’ ফিচার আনছে গুগল, যার মাধ্যমে ছবিগুলোতে সহজেই ভিন্টেজ বা পুরনো আমলের স্টাইলের ফিল্টার যোগ করা সম্ভব হবে।
পাশাপাশি, নির্দিষ্ট কিছু দেশের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীর জন্য ১৫টি নতুন ‘রিমিক্স’ টেমপ্লেট চালু করা হচ্ছে।
এসব টেমপ্লেটের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের চেহারার আদলে রেড কার্পেট বা ফটো বুথ স্টাইলের আকর্ষণীয় ছবি তৈরি করতে পারবেন।
