২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

গাড়িতেও মিলবে জেমিনাইয়ের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা

এ সুবিধার ফলে চালকরা গাড়ি চালানোর সময় হাতে ফোন না নিয়েও ব্যক্তিগত নানা তথ্যের তাৎক্ষণিক আপডেট পাবেন।

গাড়িতেও মিলবে জেমিনাইয়ের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা

পার্সোনাল ইন্টেলিজেন্সের ফলে জেমিনাইয়ের সঙ্গে স্বাভাবিক কথ্য ভাষায় যোগাযোগ করা সহজ হবে। ছবি: গুগল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 05:06 PM

Updated : 23 Oct 2026, 05:06 PM

গ্রাহকদের তথ্য ও দৈনন্দিন সেবাকে আরও ব্যক্তিপছন্দভিত্তিক ও সহজ করার অংশ হিসেবে পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধাটি এবার গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম অ্যানড্রয়েড অটো’তে যোগ করতে শুরু করেছে গুগল।

এ সুবিধার ফলে চালকরা গাড়ি চালানোর সময় হাতে ফোন না নিয়েও ব্যক্তিগত নানা তথ্যের তাৎক্ষণিক আপডেট পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এ বছরের শুরুতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিষেবা জেমিনাইয়ের জন্য ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ ফিচারের ঘোষণা দিয়েছিল মার্কিন এ সার্চ জায়ান্ট।

এটা ব্যবহারকারীর বিভিন্ন গুগল অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তার চাহিদা অনুসারে আরও প্রাসঙ্গিক ও ব্যক্তিগত জবাব বা সহায়তা তৈরিতে কাজ করে।

প্রথমে কেবল ‘গুগল এআই প্রো’ ও ‘আল্ট্রা’ গ্রাহকদের জন্য ফিচারটি রাখা হলেও গেল মার্চে বিনামূল্যে থাকা সব অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি উন্মুক্ত করেছে গুগল।

কোম্পানিটি বলেছে, নতুন এই আপডেটের মাধ্যমে অ্যানড্রয়েড অটোতে থাকা জেমিনাইয়ের তথ্য বিশ্লেষণের সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আগের চেয়ে উন্নত হবে। ফলে চালকের নির্দিষ্ট যে কোনো প্রশ্ন বা কমান্ডের আরও নির্ভুল ও সুনির্দিষ্ট উত্তর দেবে এই এআই। যেমন, গাড়ি চালিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে এখন আর ফ্লাইট সংক্রান্ত তথ্য বা কনফার্মেশন ইমেইল দেখতে চালককে গাড়ি থামিয়ে ফোন ঘাঁটতে হবে না।

চালকের জিমেইল অ্যাকাউন্ট যুক্ত থাকলে জেমিনাইকে কেবল জিজ্ঞেস করলেই চলবে, ‘আমার ফ্লাইটের গেট নম্বর কত?’ বা ‘আমার ফ্লাইট কি সঠিক সময়ে ছাড়বে?’।

জেমিনাই নিজে থেকেই জিমেইল বা অন্যান্য গুগল অ্যাপের তথ্য বিশ্লেষণ করে তৎক্ষণাৎ ভয়েস বা বার্তার মাধ্যমে সঠিক উত্তর জানিয়ে দেবে।

গুগল বলেছে, পার্সোনাল ইন্টেলিজেন্সের ফলে জেমিনাইয়ের সঙ্গে স্বাভাবিক কথ্য ভাষায় যোগাযোগ করা সহজ হবে।

যেমন, ডাক্তারের চেম্বারে যাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট ঠিকানা না বলে চালক কেবল বললেই হবে, ‘আমাকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে চল’।

কোনো নতুন শহরে গাড়ি চালানোর সময় যাত্রাপথের মধ্যে রাতের খাবারের জায়গার সুপারিশ চাইলে ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ বা খাদ্যভ্যাস বিবেচনা করেই তালিকা তৈরি করে দেবে জেমিনাই।

আগের মতোই পার্সোনাল ইন্টেলিজেন্স ফিচারটি ব্যবহার করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে যে কোনো সময় জেমিনাইয়ে কাছে নিজের তথ্যের প্রবেশাধিকার বন্ধ করে দিতে পারবেন।

পাশাপাশি, কোন কোন অ্যাপে জেমিনাই প্রবেশ করতে পারবে তাও নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে।

সুইজারল্যান্ড, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, যুক্তরাজ্য ও নাইজেরিয়া ছাড়া বিশ্বজুড়ে সব অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীর জন্য মঙ্গলবার থেকেই পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হচ্ছে।

আগামী কয়েক মাসের মধ্যে ‘গুগল বিল্ট-ইন’ সুবিধাওয়ালা গাড়িগুলোতেও ফিচারটি যোগের পরিকল্পনা রয়েছে গুগলের।