২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য নিরাপত্তার অভিযোগ গুগলের বিরুদ্ধে

ইন্টারনেট জায়ান্ট গুগলের বিরুদ্ধে ডেটা প্রটেকশন আইন ভঙ্গের অভিযোগ এনেছে নেদারল্যান্ডসের ‘ডাচ ডেটা প্রটেকশন অথরিটি’ (ডিপিএ)। গুগলের বিভিন্ন অনলাইন সেবা গ্রাহকদের ব্যক্তিগত ডেটা একত্র করার রীতি দেশটির ডেটা নিরাপত্তা আইনের পরিপন্থী বলে অভিযোগ এনেছে ডিপিএ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 07:09 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়ে আলোচনার জন্য গুগলকে ডেকেছে ডিপিএ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ডিপিএ কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে ওই আলোচনার পরে।

ব্যবহারকারীদের যথযযথ সেবা দেওয়ার জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়া গ্রাহকদের জানিয়েই করা হয় বলে দাবি করেছে গুগল।

এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, “ইউরোপিয়ান আইন মেনেই আমরা আমাদের প্রাইভেসি পলিসি নির্ধারণ করেছি। ডিপিএর উদ্বেগ নিরসনে তাদের সঙ্গে কাজ করছি আমরা।”

সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্বেগ বেড়েছে ক্লাউড স্টোরেজে সংরক্ষিত ডেটার নিরাপত্তা নিয়ে। ইন্টারনেটের মাধ্যমে বিদেশি সার্ভারে জমা হওয়া ডেটার উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ খুব কমই থাকে। গুগলের বিরুদ্ধে ডিপিএর এই অভিযোগ যেন সেই উদ্বেগেরই প্রতিফলন।