পাবজি নিয়ে নেটফ্লিক্সের সিরিজ, পরিচালনায় ডনাল্ড গ্লোভার
এ সিরিজে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং নির্বাহী প্রযোজকের ভূমিকাও সামলাবেন ডনাল্ড গ্লোভার।
জনপ্রিয় ব্যাটল রয়াল ভিডিও গেইম পাবজি অবলম্বনে একটি লাইভ-অ্যাকশন সিরিজ তৈরির ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
জনপ্রিয় সিরিজ ‘আটলান্টা’র স্রষ্টা খ্যাত নির্মাতা ও অভিনেতা ডনাল্ড গ্লোভার এই প্রকল্পের মূল দায়িত্বে রয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
নেটফ্লিক্স বলেছে, এ সিরিজে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং নির্বাহী প্রযোজকের ভূমিকাও সামলাবেন ডনাল্ড গ্লোভার নিজেই। পুরো কাজে সহযোগী হিসেবে থাকবেন তার ভাই ও দীর্ঘদিনের সহকর্মী স্টিফেন গ্লোভার।
ডনাল্ড গ্লোভারের জন্য এই পদক্ষেপ কিছুটা ভিন্নধর্মী মনে হতে পারে। কারণ, তার প্রশংসিত নির্মাণ ‘আটলান্টা’ ছিল আমেরিকান স্বপ্ন ও জীবনবোধ নিয়ে এক নিরীক্ষাধর্মী কাজ।
অন্যদিকে, পাবজি এমন একটি গেইম, যেখানে ১০০ জন খেলোয়াড় কেবল টিকে থাকার জন্য ও ‘চিকেন ডিনার’ জয়ের আশায় একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে মেতে ওঠে।
মূল গেইমটিতে নির্দিষ্ট কোনো জটিল গল্প নেই, যা গ্লোভারকে তার নিজস্ব উদ্ভাবনী ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের বড় সুযোগ দেবে।
তবে গেইমটির মূল ধারণা হচ্ছে, অভিজাতদের বিনোদনের জন্য এটা এক রক্তক্ষয়ী প্রতিযোগিতা, যা নতুন সিরিজটিকে ‘স্কুইড গেইম’ বা ‘হাঙ্গার গেইমস’-এর মতো এক ধরনের থ্রিলিং আবহ দিতে পারে।
ডনাল্ড গ্লোভার নিজে ছাড়া এ সিরিজে আর কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও কোনো অভিনয়শিল্পীর নাম প্রকাশ হয়নি।
সিরিজটি মুক্তির সম্ভাব্য সময় নিয়েও কোনো ঘোষণা দেয়নি নেটফ্লিক্স। প্রজেক্টটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না তা নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে।
এর আগে, হুলু’র ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ রিবুট প্রজেক্টে খ্যাতিমান নির্মাতা ক্লোঝাও যুক্ত থাকার পরও নেটফ্লিক্সের ঊর্ধ্বতন কর্তারা শেষ মুহূর্তে পাইলট পর্ব দেখার পর তা বাতিল করে দিয়েছিলেন।
সমালোচকদের প্রশংসা ও সাতটি এমি অ্যাওয়ার্ড জয়ী ‘আটলান্টা’ সিরিজের নির্মাতা হিসেবে গ্লোভারের মুন্সিয়ানার ওপরই আস্থা রাখতে চাইছেন দর্শক ও বিশ্লেষকরা।
ভিডিও গেইমকে পর্দায় রূপান্তরের দৌড়ে এটাই নেটফ্লিক্সের সর্বশেষ সংযোজন।
এর আগে, ‘অ্যাসাসিনস ক্রিড’ অবলম্বনে লাইভ-অ্যাকশন সিরিজ ও ‘গিয়ার্স অফ ওয়ার’ নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্টটি।
