অন্যান্য অ্যাপের চেয়ে এক্স-এ বরং ইহুদিবিদ্বেষ কম: মাস্ক
দক্ষিণ পোল্যান্ডের শহর ক্রাকোতে আয়োজিত সম্মেলনে যোগ দেওয়ার একদিন আগে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প সাইট পরিদর্শন করেন মার্কিন এ ধনকুবের।
বিশ্বের অন্যান্য সামাজিক মাধ্যমের চেয়ে এক্স-এ ইহুদিবিদ্বেষী কনটেন্ট তুলনামূলক কম — এমনই দাবি সামাজিক মাধ্যমটির মালিক ইলন মাস্কের।
এক্স-এর অডিট তথ্যের উদ্ধৃতি দিয়ে সোমবার আয়োজিত এক ইহুদিবিদ্বেষ বিষয়ক সম্মেলনে এ কথা বলেন মাস্ক।
দক্ষিণ পোল্যান্ডের শহর ক্রাকোতে আয়োজিত এ সম্মেলনে যোগ দেওয়ার একদিন আগে প্রাক্তন নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প সাইট পরিদর্শন করেন মার্কিন এ ধনকুবের। গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরুর পর থেকে ইহুদিবিদ্বেষের উত্থান নিয়ে সম্মেলনে কথা বলেছেন অংশগ্রহণকারীরা।
সাম্প্রতিক মাসগুলোয় অগ্নিপরীক্ষার মধ্যে পড়েছে এক্স। এ ছাড়া, গত বছরের শেষে এক এক্স ব্যবহারকারীর সঙ্গে একমত হয়ে ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করতেও দেখা গেছে মাস্ককে।
এরপর থেকে সামাজিক মাধ্যমটিতে শীর্ষ বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনের বাজেট কমিয়েছেন। বিজ্ঞাপন দেখানো একেবারে বন্ধও করে দিয়েছেন অনেকে।
সম্মেলনে মাস্ক বলেন, বাক স্বাধীনতা নিয়ে এখনও বিভিন্ন সামাজিক মাধ্যমে পক্ষপাতমূলক আচরণ দেখা যায়। পাশাপাশি সেগুলোতে যে ভুল কনটেন্ট দেখানো হচ্ছে, সে বিষয়টিও সংশোধন করা উচিৎ।
“আমরা বাইরের অডিটগুলো থেকে দেখেছি… আপনি যদি অন্যান্য সামাজিক মাধ্যম দেখেন, সে তুলনায় এক্স-এ ইহুদিবিদ্বেষ সবচেয়ে কম।” — সম্মেলনের মঞ্চে মার্কিন রক্ষণশীল পডকাস্টার ও বক্তা বেন শাপিরোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মাস্ক।
তবে কে বা কারা এই অডিট করেছে অথবা কোন প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে, সে সূত্র উল্লেখ করেননি মাস্ক। এমনকি অন্যান্য সাংবাদিকের কোনো প্রশ্নের জবাবও দেননি তিনি।
ক্রাকোতে ‘ইউরোপিয়ান জুয়িশ অ্যাসোসিয়েশন (ইজেএ)’র আয়োজিত ওই সম্মেলনে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ‘ইউরোপে ইহুদি-বিদ্বেষের উদ্বেগজনক উত্থানের’ বিষয়টিতে, যার সূত্রপাত ঘটেছিল ৭ অক্টোবর ইসরায়েল-হামাস উত্তেজনা শুরুর পর থেকে।
বাকস্বাধীনতার ভারসাম্য ও ঘৃণামূলক বক্তব্য মোকাবেলার বিষয়ে মাস্ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, এক্স বাকস্বাধীনতার পক্ষে কাজ করে।
“আমি মনে করি, দিন শেষে বাকস্বাধীনতাই জয়ী হয়। বিশেষ করে, আমাদের প্ল্যাটফর্মে যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকেন, তখন আপনি সঠিক জবাব দিয়ে সেটি সংশোধনের সুযোগ পাবেন।” — বলেন মাস্ক।
“তাই কেউ যদি হলোকাস্টের মতো ঘটনা অস্বীকার করে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করেন, তবে অবিলম্বেই তাদের ভুল শুধরে দেওয়া যেতে পারে। আর এর দায় থেকেও মুক্তি পেতে পারবেন না ওই তথ্যদাতা।”
