গাজা সহিংসতা: অবৈধ কনটেন্ট নিয়ে প্ল্যাটফর্মগুলোকে সতর্কতা ইউ’র
মাস্ক ও জাকারবার্গকে পাঠানো চিঠিতে ব্রেটন আরও বলেন, তাদের কোম্পানি এই ধরনের ক্ষতিকর কনটেন্ট কীভাবে ঠেকাবে, ইইউ’কে তা জানাতে তারা ২৪ ঘণ্টা সময় পাবেন।
প্রযুক্তি কোম্পানিগুলোকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সংঘাত নিয়ে ‘অবৈধ’ কনটেন্ট সরাতে হবে। এটি করতে ব্যর্থ হলে বিশাল জরিমানার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন।
ইসরায়েলের ওপর ফিলিস্তিনের ইসলামিক সশস্ত্র দল হামাসের আক্রমণ ও এর প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলের বিমান হামলা চালানোর পর থেকেই সামাজিক মাধ্যমে সহিংসতার অবিকৃত ছবির পাশাপাশি এডিট করা ছবি ও সংঘাত নিয়ে ভুল তথ্য জুড়ে দেওয়া ভিডিও’র প্রবণতা বেড়েছে।
মঙ্গলবার ইলন মাস্ককে এক্স থেকে ভুল তথ্য সরাতে বলেছেন ইইউ’র শিল্প প্রধান থিয়েরি ব্রেটন। এ ছাড়া, সামাজিক মাধ্যমটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সহিংসতা নিয়ে বেআইনি কনটেন্ট ও ভুল তথ্য ছড়ানো নিয়েও সতর্ক করেন তিনি।
বুধবার মেটা প্রধান জাকারবার্গকেও একই সতর্কবার্তা দিয়েছেন ব্রেটন। তার নির্দেশ, কোম্পানিটিকে অবশ্যই ইউরোপীয় আইন মেনে চলতে হবে।
মাস্ক ও জাকারবার্গকে পাঠানো চিঠিতে ব্রেটন আরও বলেন, তাদের কোম্পানি এই ধরনের ক্ষতিকারক কনটেন্ট কীভাবে ঠেকাবে, ইইউ’কে তা জানাতে তারা ২৪ ঘণ্টা সময় পাবেন।
পাশাপাশি, হামাস বিষয়ক ক্ষতিকারক কনটেন্ট ঠেকানো নিয়ে থাকা আইনি বাধ্যবাধকতার বিষয়টিও সকল সামাজিক মাধ্যম কোম্পানিকে মনে করিয়ে দিয়েছে ইইউ’র নির্বাহী বিভাগ ইউরোপীয় কমিশন।
“অনলাইনে হামাস সংশ্লিষ্ট যেসব জঙ্গি কনটেন্ট দেখা যাচ্ছে, সেগুলো অবৈধ। আর ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ ও ‘টেরোরিস্ট কনটেন্ট অনলাইন (টিসিও)’ উভয় নীতিমালার অধীনেই এগুলো সরাতে হবে।” --রয়টার্সকে বলেন কমিশনের এক মুখপাত্র।
“এই দুটি আইন কঠোরভাবে প্রয়োগ করবে কমিশন। তাই আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ইইউ’র নীতিমালা পুরোপুরি মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
সম্প্রতি চালু করা ‘ডিএসএ’র শর্ত অনুসারে, এক্স ও মেটার ফেইসবুক’সহ বিভিন্ন শীর্ষ সামাজিক মাধ্যম থেকে অবৈধ কনটেন্ট সরাতে হবে। আর জননিরাপত্তা ও নাগরিক আলোচনার মতো বিষয়গুলোতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
কোনো কোম্পানি ডিএসএ’র নীতিমালা লঙ্ঘন করলে তাদের বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। আর পুনরায় একই ভুল করলে গোটা ইউরোপে ওই কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকিও রয়েছে।
তবে, ডিএসএ’র অধীনে থাকা অন্যান্য সামাজিক মাধ্যম কোম্পানিকে ব্রেটন এমন চিঠি পাঠিয়েছেন কি না, তা পরিষ্কার নয়।
