কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ফেইসবুক অ্যাকাউন্ট স্থগিত
ওভারসাইট বোর্ডের অর্থায়ন করে মেটা। তবে, স্বাধীনভাবে কাজ করা এই বোর্ড বলেছে, জানুয়ারিতে ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই সেটা অপসারণ না করাও ভুল ছিল।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ছয় মাসের জন্য ফেইসবুক থেকে স্থগিত করা উচিত বলে মত দিয়েছে ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্লাটফর্মসের ‘ওভারসাইট বোর্ড’।
সহিংস হুমকি বিষয়ে মেটার নিয়ম লঙ্ঘন করে ভিডিও পোস্ট করাকে এর কারণ হিসাবে বৃহস্পতিবার বোর্ড উল্লেখ করেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনএন।
ওভারসাইট বোর্ডের অর্থায়ন করে মেটা। তবে, স্বাধীনভাবে কাজ করা এই বোর্ড বলেছে, জানুয়ারিতে ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই সেটা অপসারণ না করাও ভুল ছিল।
লিখিত এক বিবৃতিতে মেটা সে সময় ভিডিওটি সরিয়ে নেওয়ার কথা বললেও হুন সেনের অ্যাকাউন্ট স্থগিত করার বেলায় বোর্ডের সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত নেবে বলে সে সময় তারা জানায়।
এক মাসেরও কম সময়ের মধ্যে কম্বোডিয়ায় নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর ফেইসবুক পেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এল।
দেশটির বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই নির্বাচন হবে একটি রসিকতা মাত্র। সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।
হুন সেনের ফেসবুক অ্যাকাউন্টটি বৃহস্পতিবার গভীর রাতে অফলাইনে চলে যায়। প্রায় চার দশক ক্ষমতায় থাকা এ প্রধানমন্ত্রী বুধবার বলেন, তিনি ফেইসবুক থেকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের দিকে ঝুঁকছেন যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
তবে, মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ফেইসবুক তার অ্যাকাউন্ট স্থগিত বা অপসারণ করেনি। বৃহস্পতিবার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনকালে নেতাদের সহিংসতার আহ্বানসহ রাজনৈতিক নেতাদের বিতর্কিত বক্তব্য এবং তাদের পোস্ট বিষয়ে বিশ্বের বৃহত্তম এই সামাজিক মাধ্যমের কার্যক্রম নিয়ে বোর্ডের নানাসময়ের সমালোচনার মধ্যে সর্বশেষ এই সিদ্ধান্ত এল বলে প্রতিবেদনে বলেছে সিএনএন।
আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ বাস্তবতায় ফেইসবুকের নির্বাচনী শুদ্ধাচারে নানা মহলের নজর রয়েছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার পর ফেইসবুক থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত সমর্থন করেছিল বোর্ড। চলতি বছরের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের সেই অ্যাকাউন্ট ফিরিয়ে আনে মেটা।
জানুয়ারির একটি ভিডিওতে হুন সেন বলেছেন, যারা তার কম্বোডিয়ান পিপলস পার্টিকে (সিপিপি) ২০২২ সালের স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেনার অভিযোগ করেছেন, তাদের হয় এ নিয়ে মামলা করা উচিত নয়তো তার সমর্থকদের পিটুনির মুখোমুখি হওয়া উচিত।
মেটা সে সময় সিদ্ধান্ত নিয়েছিল ভিডিওটি নিয়মভঙ্গ করলেও এটি থাকতে পারে, কারণ জনগণের কাছে তাদের সরকারের সহিংসতার বাণীর ‘সংবাদযোগ্যতা’ রয়েছে।
তবে, বোর্ড বলছে, ভিডিওটির মাধ্যমে হওয়া ক্ষতি এর সংবাদমূল্যের চেয়ে বেশি।
