২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৪ সালে ‘কোয়ান্টাম এনক্রিপশন’ স্যাটেলাইটের লক্ষ্য ইউরোপের

স্যাটেলাইটটি কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রযুক্তির ব্যবহার উপযোগিতা প্রদর্শন করবে – বাইরের কেউ আঁড়ি পাতার চেষ্টা করলে তা ধরা পড়বে তাৎক্ষণিকভাবে।

২০২৪ সালে ‘কোয়ান্টাম এনক্রিপশন’ স্যাটেলাইটের লক্ষ্য ইউরোপের

ছবি: ইএসএ

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 02:31 PM

Updated : 17 Oct 2022, 02:31 PM

স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থায় কোয়ান্টাম এনক্রিপশন প্রযুক্তি সমন্বয় করতে চায় ইউরোপ। চূড়ান্ত লক্ষ্য হিসেবে কোয়ান্টাম এনক্রিপশন স্যাটলাইটের নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)।

প্রযুক্তির সক্ষতা প্রমাণ করতে ২০২৪ সালে প্রকল্পের প্রথম স্যাটেলাইট ‘ইগল-১’ মহাকাশে পাঠানোর পরিকল্পনা তৈরি হচ্ছে। এক বিবৃতিতে ইএসএ জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য মহাকাশের প্রথম ‘কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন (কিউকেডি)’ সিস্টেম হবে স্যাটলাইটটি।

স্পেস ডটকম জানিয়েছে, মহাকাশে তিন বছর থাকবে ইগল-১; পরবর্তী প্রজন্মের স্যাটেলাইটনির্ভর নিরাপদ যোগাযোগ প্রযুক্তির নানা খুঁটিনাটি নিয়ে পরীক্ষা চালাবে এটি।

ইএসএ জানিয়েছে, স্যাটেলাইটটি “কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন প্রযুক্তির ব্যবহার উপযোগিতা প্রদর্শন করবে – কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে এমন কৌশলে এনক্রিপশন কি বিতরণ করবে যে বাইরের কেউ আঁড়ি পাতার চেষ্টা করলে তা ধরা পড়বে তাৎক্ষণিকভাবে।”

ইগল-১ প্রকল্পের জন্য সেপ্টেম্বর মাসের শেষে প্যারিসে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিকাল কংগ্রেস (আইএসি)’ সম্মেলনে লুক্সেমবার্গভিত্তিক প্রতিষ্ঠান এসইএসের সঙ্গে চুক্তি করেছে ইএসএ। ইগল-১ নির্মাণের জন্য ইউরোপের ২০টি কোম্পানির নেতৃত্ব দেবে এসইএস।

আকারে তুলনামূলক ছোট হবে ইগল-১; তবে, প্রায় তিনশ কেজি ওজনের স্যাটেলাইটটির আলাদা গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন ইউসএর টেলিযোগাযোগ এবং সমন্বিত প্রয়োগ বিভাগের পরিচালক এলোডি ভিয়াউ।

স্পেসডটকম জানিয়েছে, ইগল-১ এর মূল প্ল্যাটফর্ম সরবরাহ করবে ইতালির কোম্পানি সিটায়েল। স্যাটেলাইটের কোয়ান্টাম কি পেলোড নির্মাণ করবে জার্মানির কোম্পানি ‘টেসাট স্পেসকম’ এবং পরিচালনা করবে এসইএস।

এ প্রকল্পে আরও জড়িত আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক এবং সুইজারল্যান্ডের একাধিক কোম্পানি।

“ইউরোপ এবং এর সদস্য দেশগুলোর সাফল্যের জন্য কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যৎ দুনিয়ায় ইউরোপিয়ানদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অতি গুরুত্বপূর্ণ,” এক বিবৃতিতে বলেছেন এসইএস প্রধান নির্বাহী স্টিভ কলার।

স্পেস ডটকম জানিয়েছে, ইএসএ ছাড়াও প্রকল্পের খরচ যোগাচ্ছে হরাইজন ইউরোপ; গবেষণা ও উদ্ভাবনী খাতের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের মূল অনুদান প্রকল্প এটি।