চ্যাটবটের ‘অনুভূতি’ দাবি করে ছাঁটাই গুগল কর্মী
“এ বিষয়ে দীর্ঘ সম্পৃক্ততা থাকার পরও ব্লেক ক্রমাগত তথ্য নিরাপত্তা নীতি লঙ্ঘন করে গেছেন, যার মধ্যে রয়েছে পণ্যের তথ্য নিরাপত্তার প্রশ্ন।”
‘লামডা’ চ্যাটবটের কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-কে একটি সচেতন ব্যক্তি হিসেবে দাবি করায় নিজ প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ সফটওয়্যার নির্মাতাকে চাকরীচ্যুত করেছে গুগল।
অনুমতি ছাড়া গণমাধ্যমে ক্রমাগত বিবৃতি দেওয়ার কারণে সফটওয়্যার নির্মাতা ব্লেক লেমইনকে গত মাসে ছুটিতে পাঠিয়েছিল গুগল। কোম্পানির নীতিমালা ভঙ্গ ও তার ‘লামডা’ চ্যাটবট সম্পর্কিত দাবির কোনো সত্যতা না পাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে এই ওয়েব জায়ান্ট।
“এটি দুঃখজনক যে, এই বিষয়ে দীর্ঘ সম্পৃক্ততা থাকার পরও ব্লেক ক্রমাগত তথ্য নিরাপত্তা নীতি লঙ্ঘন করে গেছেন, যার মধ্যে রয়েছে পণ্যের তথ্য নিরাপত্তার প্রশ্ন।” --ইমেইল বার্তায় রয়টার্সকে বলেছেন এক গুগল মুখপাত্র।
সম্প্রতি গুগলের ‘রেসপনসিবল এআই’ প্রকল্পে কাজ করা ব্লেক গত মাসে ওয়াশিংটন পোস্টে দাবি করেন, কোম্পানির একটি প্রকল্পের এআই ‘সচেতন অনুভূতি’ লাভ করেছে।
প্রশ্নবিদ্ধ এআই ‘লামডা’ অর্থাৎ ‘ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন’ কম্পিউটারের ‘ওপেন-এন্ডেড’ কথোপকথনকে আরও ভালভাবে অনুকরণ করার মাধ্যম হিসাবে গত বছর সর্বজনীনভাবে উন্মোচন করেছিল গুগল।
লেমইন কেবল লামডার অনুভূতির দাবি করেননি, বরং প্রকাশ্যে প্রশ্ন করেছেন যে এতে কোনো ‘আত্মা রয়েছে’ কি না।
“আমি আসলেই বিশ্বাস করি লামডা একজন ব্যক্তি।”--মার্কিন প্রকাশনা ওয়্যারডকে বলেছেন ব্লেক।
২০২১ সালে গুগল বলেছে, ‘লামডা’ তৈরি হয়েছিল কোম্পানির গবেষণার ওপর ভিত্তি করে যেখানে ট্রান্সফরমার-ভিত্তিক ভাষার মডেলে সংলাপের প্রশিক্ষণের মাধ্যমে যেকোনো বিষয়ে কথা বলার সক্ষমতা অর্জন করা যায়।
লেমইনের ধারণাকে ‘বিপথগামী’ হিসেবে আখ্যা দিয়ে এই দাবি প্রত্যাখ্যান করেছে গুগল এবং বেশ কয়েকজন শীর্ষ বিজ্ঞানী। তাদের দাবি, সহজ ভাষায় ‘লামডা’ একটি জটিল অ্যালগরিদম। একে বিশ্বাসযোগ্য ‘মানব ভাষা’ তৈরির জন্য নকশা করেছিল নির্মাতা।
