কম বয়সীদের এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ওপেনএআই
“আমরা টিনএজারদের ক্ষেত্রে প্রাইভেসি ও স্বাধীনতার চেয়ে নিরাপত্তাকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। অপ্রাপ্তবয়স্কদের জন্য এখানে জোরদার সুরক্ষা ব্যবস্থা দরকার।”
সম্প্রতি এক টিনএজার আত্মহত্যার ঘটনার পর কম বয়সী ব্যবহারকারীদের জন্য এআই ব্যবহারে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।
এ নতুন ব্যবস্থায় কোম্পানিটি তাদের টিনএজার ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এদের চ্যাটজিপিটি ব্যবহারে কিছু নিয়ন্ত্রণ আনবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
মঙ্গলবার এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, এ নতুন ব্যবস্থায় বয়স অনুসারে নীতিমালা থাকবে, যার মধ্যে গ্রাফিক যৌনতাপূর্ণ কনটেন্ট বা ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’ কনটেন্ট ব্লক করবে কোম্পানিটি। ‘চরম বিপদের সময়’ এ সিস্টেমের এমন সক্ষমতাও থাকবে, যেখানে কোম্পানিটি প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
আবার যেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহারকারীর বয়স নির্ভরযোগ্যভাবে অনুমান করতে পারবে না সেসব ব্যবহারকারীদেরও এ নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যেই রাখবে ওপেনএআই।
তবে প্রাপ্তবয়স্ক বা ১৮+ ব্যবহারকারীদের জন্য বয়স যাচাইয়ের সুযোগ দেবে কোম্পানিটি, যাতে চ্যাটজিপিটির পূর্ণ সুবিধা ব্যবহার করতে পারেন তারা। তবে, এ নতুন ব্যবস্থা কবে চালু হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা।
কদিন আগে ১৬ বছর বয়সী অ্যাডাম রেইন নামের এক টিনএজারের মৃত্যুর পর এমন পদক্ষেপ নিল ওপনএআই, যেখানে প্রথম কোনো টিনএজার চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। রেইনের মা-বাবার অভিযোগ, রেইনকে নিজের মৃত্যু পরিকল্পনায় সহায়তা করেছিল চ্যাটজিপিটি।
এ আত্মহত্যার ঘটনার পরপরই ওপেনএআই প্রতিশ্রুতি দিয়েছিল, তারা এমন কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে যাতে মা-বাবা বা অভিভাবকরা তাদের সন্তানের চ্যাটজিপিটি ব্যবহারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারেন।
মঙ্গলবার কোম্পানিটি আবারও বলেছে, এসব নিয়ন্ত্রণব্যবস্থা এ মাসের মধ্যেই চালু করবে তারা। এ ছাড়া আরও একটি নতুন ফিচার আনার কথা বলেছে কোম্পানিটি। যার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে পারবেন অভিভাবকরা।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের লেখা এক চিঠিতে এ বিষয়টি নিয়ে কোম্পানির দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। চিঠিতে অল্টম্যান বলেছেন, “আমরা টিনএজারদের ক্ষেত্রে প্রাইভেসি ও স্বাধীনতার চেয়ে নিরাপত্তাকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। চ্যাটজিপিটি নতুন ও শক্তিশালী এক প্রযুক্তি এবং আমরা বিশ্বাস করি, অপ্রাপ্তবয়স্কদের জন্য এখানে জোরদার সুরক্ষা ব্যবস্থা দরকার।
“আমরা বুঝি এসব নীতি পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক হলেও সবাই আমাদের এ সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন না। কারণ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরই আমরা মনে করছি, এটিই সঠিক পথ ও আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে স্বচ্ছ থাকতে চাই।”
