১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রিব্র্যান্ড করা টুইটারে কেবল ডার্ক মোড থাকবে: মাস্ক

মাস্কের মন্তব্য থেকে ইঙ্গিত মিলছে, এই ডার্ক মোড ডিফল্ট হিসেবেই চালু হবে ও এটি বদলানোর জন্য কোনো বিকল্প ব্যবস্থা থাকবে না।

রিব্র্যান্ড করা টুইটারে কেবল ডার্ক মোড থাকবে: মাস্ক

টুইটার প্রধান কার্যালয়ের দেয়ালে প্রজেক্ট করা নতুন লোগো

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 02:54 PM

Updated : 29 Jul 2023, 02:54 PM

বর্তমানে ‘এক্স’ নামে রিব্র্যান্ড করা সামাজিক মাধ্যম টুইটারে শীঘ্রই কেবল ‘ডার্ক মোড’ হিসেবে থাকবে। আইকনিক সাদা ও নীল রঙের লোগোটিকে বিদায় জানানোর পর সম্ভবত সেবাটির ‘কালার স্কিম’ও ঝেড়ে ফেলছেন সামাজিক মাধ্যমটির মালিক ইলন মাস্ক।

‘এক্স’-এর যাচাইকরণ চিহ্নের রঙ কী হবে, এক ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে মাস্ক বলেন, প্ল্যাটফর্মটি শীঘ্রই কেবল ডার্ক মোডে দেখা যাবে।

“প্ল্যাটফর্মে শীঘ্রই ডার্ক মোড আসবে। আর এটা সব দিক দিয়েই ভালো।” --টুইট করেন মাস্ক।

মাস্কের মন্তব্য থেকে ইঙ্গিত মিলছে, এই ডার্ক মোড ডিফল্ট হিসেবেই চালু হবে ও এটি বদলানোর জন্য কোনো বিকল্প ব্যবস্থা থাকবে না।

মাস্কের টুইটারকে ‘এভ্রিথিং অ্যাপ বানানোর পরিকল্পনার কথার কথা বিবেচনায় রেখেই এই বদল আনা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

গত মাসে দায়িত্ব নেওয়া কোম্পানির প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো নতুন ‘এক্স’ অ্যাপ সম্পর্কে আরও তথ্য শেয়ার করেছেন। রোববার তিনি টুইট করেন, এই রিব্র্যান্ডিংয়ের লক্ষ্য টুইটারকে সামাজিক নেটওয়ার্ক ছাড়িয়ে ‘বৈশ্বিক টাউন স্কয়ার’-এ রূপান্তর করা।

“এক্স হল সীমাহীন ইন্টার‌্যাকশনের ভবিষ্যত চেহারা যা অডিও, ভিডিও, মেসেজিং, পেমেন্ট বা ব্যাংকিং কেন্দ্রিক বিভিন্ন আইডিয়া, পণ্য, পরিষেবা ও সম্ভাবনার এক বৈশ্বিক বাজার তৈরি করবে। এআই’র মাধ্যমে পরিচালিত এক্স আমাদের সবাইকে এমন উপায়ে যুক্ত করবে, যা আমরা এরইমধ্যে কল্পনা করতে শুরু করেছি।” --টুইট করেন ইয়াকারিনো।

“বেশ কয়েক বছর ধরেই ভক্ত ও সমালোচকরা টুইটারকে আরও বড় স্বপ্ন দেখার, দ্রুত উদ্ভাবনের ও আমাদের বিশাল সম্ভাবনা পূরণের জন্য চাপ দিয়েছেন। এক্স তার চেয়েও বেশি কিছু করে দেখাবে। গত আট মাসে বিভিন্ন ফিচার চালু করে আমরা এরইমধ্যে এক্স’কে একটি আকারে আনতে শুরু করেছি। তবে এটা কেবল শুরুর পর্যায়ে আছে।”

কোম্পানির আইকনিক পাখির লোগো বদলে ‘এক্স’ করার মতো বিভিন্ন সাম্প্রতিক পরিবর্তন থেকে ইঙ্গিত মিলেছে, কোম্পানি ভিন্ন পথে এগোচ্ছে।

সোশাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, কোম্পানি ভিন্ন ধাঁচের ব্যবহারকারীর কথা বিবেচনায় নিয়ে এই পরিবর্তন এনেছে। আর এর ফলে সামাজিক মাধ্যমটি থেকে দীর্ঘদিনের বিশ্বস্ত ব্যবহারকারীরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন।

এই পরিবর্তনের পর মাস্ক বলেন, তিনি নিজের ফলোয়ারদের ওপর এই রঙ বদলানোর বিষয়টি নিয়ে জরিপ চালাতে চেয়েছিলেন।

“শীগগীরই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব, এবং পর্যায়ক্রমে সব পাখিকেই।” --সে সময় টুইট করেন তিনি।