১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মার্কিন এআই প্রযুক্তি চুরির দায়ে ডিপসিককে দুষল ওপেনএআই

মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করে ওপেনএআই বলেছে, চ্যাটজিপিটি নির্মাতাসহ আমেরিকার শীর্ষ এআই কোম্পানিগুলোকে টার্গেট করছে ডিপসিক।

মার্কিন এআই প্রযুক্তি চুরির দায়ে ডিপসিককে দুষল ওপেনএআই
গেল বছরের শুরুতে বেশ কিছু শক্তিশালী এআই মডেল বাজারে এনে গোটা বিশ্ববাজারকে নাড়িয়ে দিয়েছিল চীনের এ স্টার্টআপটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 03:37 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

মার্কিন শক্তিশালী বিভিন্ন এআই মডেল থেকে গোপনে তথ্য ও কৌশল চুরি করছে চীনা স্টার্টআপ ডিপসিক, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এমনই সতর্কবার্তা দিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই।

রয়টার্সের দেখা এক মেমো অনুসারে, মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করে ওপেনএআই বলেছে, চ্যাটজিপিটি নির্মাতাসহ আমেরিকার শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোকে টার্গেট করছে ডিপসিক। চীনা কোম্পানিটির উদ্দেশ্য, মার্কিন বিভিন্ন এআই মডেলের হুবহু নকল তৈরি ও সেগুলো নিজেদের প্রশিক্ষণে ব্যবহার করা।

স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন কোম্পানিটির অভিযোগ, ‘ওপেনএআই ও অন্যান্য মার্কিন বিভিন্ন ল্যাবের তৈরি করা সক্ষমতা ব্যবহার করে বিনা পরিশ্রমে সুবিধা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে’ ডিপসিক।

এ বিশেষ পদ্ধতিটিকে বলা হয় ‘ডিস্টিলেশন’। এতে পুরানো, বেশি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত এক এআই মডেল ব্যবহৃত হয় নতুন কোনো মডেলের উত্তরের মান যাচাইয়ের জন্য। ফলে পুরানো মডেলটির অর্জিত জ্ঞান ও শিক্ষা খুব সহজেই নতুন মডেলটিতে পাঠানো যায়।

বৃহস্পতিবার ‘যুক্তরাষ্ট্র ও চীনা কমিউনিস্ট পার্টির কৌশলগত প্রতিযোগিতা বিষয়ক হাউস সিলেক্ট কমিটি’র কাছে পাঠানো এক মেমোতে ওপেনএআই বলেছে, “আমরা লক্ষ্য করেছি, ডিপসিকের কর্মীদের সঙ্গে জড়িত বেশ কিছু অ্যাকাউন্ট ওপেনএআই ব্যবহারের বিভিন্ন সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার উপায় তৈরি করছে। তারা বিভিন্ন গোপন থার্ড-পার্টি রাউটার ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে নিজেদের আসল পরিচয় লুকিয়ে আমাদের বিভিন্ন মডেলে প্রবেশের চেষ্টা করছে।

“আমরা এমনটিও জানি, ডিপসিকের কর্মীরা এমন কিছু কোড তৈরি করেছে, যার মাধ্যমে তারা প্রোগ্রামিং ব্যবহার করে সরাসরি মার্কিন বিভিন্ন এআই মডেলে প্রবেশ এবং সেখান থেকে ডিস্টিলেশন পদ্ধতির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে।”

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিপসিক বা এর মূল প্রতিষ্ঠান ‘হাই-ফ্লায়ার।

গেল বছরের শুরুতে বেশ কিছু শক্তিশালী এআই মডেল বাজারে এনে গোটা বিশ্ববাজারকে নাড়িয়ে দিয়েছিল চীনের হাংঝুভিত্তিক এ স্টার্টআপটি। তাদের এ প্রযুক্তি আমেরিকার সেরা বিভিন্ন মডেলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো হওয়ায় ওই সময় ওয়াশিংটনেও উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।

মার্কিন প্রশাসনের ভয় হচ্ছে, নানা বিধিনিষেধ থাকার পরও এআইয়ের এ দৌড়ে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠতে পারে চীন।

ওপেনএআই দাবি করেছে, চীনা বিভিন্ন ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এলএলএম নতুন মডেল তৈরি এবং ব্যবহারের ক্ষেত্রে ‘নিরাপদ প্রশিক্ষণ ও পরিচালনার নানা বিষয়ে সচেতনভাবে ফাঁকি দিচ্ছে।”

এর আগে, ডিপসিকের ‘ভি৩’ ও ‘আর১’ মডেল দুটির প্রশংসা করেছিলেন সিলিকন ভ্যালির অনেক শীর্ষ কর্মকর্তা, যা বর্তমানে বিশ্বজুড়ে ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে।

ওপেনএআই আরও বলেছে, যারা তাদের বিভিন্ন মডেল থেকে তথ্য চুরি করে প্রতিদ্বন্দ্বী কোনো মডেল তৈরির চেষ্টা করছে সেসব অ্যাকাউন্ট আগেভাগেই সরিয়ে দিচ্ছে তারা।