২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনএআই, মাইক্রোসফট ‘একচেটিয়া’ চুক্তির অবসান

ওপেনএআই এখন নিজেদের এআই প্রযুক্তি অ্যামাজন ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের কাছেও বিক্রি করতে পারবে।

ওপেনএআই, মাইক্রোসফট ‘একচেটিয়া’ চুক্তির অবসান
ওপেনএআই’তে আগেভাগে বিনিয়োগের কারণে মাইক্রোসফট খুব দ্রুত নিজেদের সব পণ্যে এআই প্রযুক্তি যোগ করতে পেরেছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 03:57 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের একচেটিয়া পার্টনারশিপের অবসান ঘটেছে।

এ বড় পরিবর্তনের ফলে মাইক্রোসফট এখন থেকে আর ওপেনএআইয়ের এআই প্রযুক্তিগুলো একচেটিয়াভাবে ব্যবহারের সুযোগ পাবে না।

ওপেনএআই এখন নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অ্যামাজন ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের কাছেও বিক্রি করতে পারবে, যা এআই বাজারে নতুন সমীকরণ তৈরি করল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এ যৌথ ঘোষণার পর সোমবার বাজার খোলার আগেই মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় এক শতাংশ কমেছে। অনেক বিনিয়োগকারীর ধারণা, এর ফলে মাইক্রোসফট তাদের ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব বা বাড়তি সুবিধা হারাতে পারে।

গেল কয়েক বছরে এআইয়ের দৌড়ে মাইক্রোসফট অনেকটাই এগিয়েছিল। ওপেনএআই’তে আগেভাগে বিনিয়োগের কারণে তারা খুব দ্রুত নিজেদের সব পণ্যে এআই প্রযুক্তি যোগ করতে পেরেছে।

তবে এ পার্টনারশিপ নিয়ে দুই কোম্পানির মধ্যে উত্তেজনা বাড়ছে।

একদিকে, ওপেনএআই প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে ক্লাউড চুক্তি করছে, অন্যদিকে বিনিয়োগকারীরাও মাইক্রোসফটের সঙ্গে ওপেনএআইয়ের এ জোটকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

মার্চে ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ প্রতিবেদনে লিখেছিল, অ্যামাজন ও ওপেনএআইয়ের মধ্যে হওয়া ৫ হাজার কোটি ডলারের ক্লাউড চুক্তির বিরুদ্ধে মাইক্রোসফট আইনি ব্যবস্থা নেওয়ার কথা ‘ভাবছে’।

মাইক্রোসফট বলেছে, এ চুক্তিটি তাদের মধ্যকার ‘একচেটিয়া ক্লাউড পার্টনারশিপ’ বা বিশেষ অংশীদারিত্বের শর্ত লঙ্ঘন করতে পারে।

সংশোধিত এ পার্টনারশিপের আওতায় মাইক্রোসফট এখনও ওপেনএআইয়ের প্রধান ক্লাউড পার্টনার হিসেবে বহাল থাকছে। ২০৩২ সাল পর্যন্ত চ্যাটজিপিটি নির্মাতাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের লাইসেন্স মাইক্রোসফটের হাতে থাকবে।

মাইক্রোসফটকে ওপেনএআইয়ের সঙ্গে আয়ের কোনো অংশ ভাগ করতে হবে না।

পাশাপাশি, ওপেনএআইয়ের যে কোনো নতুন পণ্য সবার আগে মাইক্রোসফটের ‘অ্যাজিউর’ ক্লাউড প্ল্যাটফর্মে আসবে, যদি না মাইক্রোসফট নিজে সেটি চালু করতে অসমর্থ হয় বা না করার সিদ্ধান্ত নেয়।