১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রাম ক্যাপশনে ক্লিকএবল লিংক নিয়ে পরীক্ষা করছে মেটা

ইনস্টাগ্রামের শুরুর দিন থেকেই লিংক শেয়ারের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্ল্যাটফর্মটির জন্য বিশেষ এক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল।

ইনস্টাগ্রাম ক্যাপশনে ক্লিকএবল লিংক নিয়ে পরীক্ষা করছে মেটা
এতদিন লিংক শেয়ারিংয়ের সুবিধা কেবল স্টোরিজ, রিলস ও ব্যহারকারীদের প্রোফাইলের মধ্যেই সীমিত ছিল। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 04:34 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

ইনস্টাগ্রামে লিংক শেয়ার করায় দীর্ঘদিনের সীমাবদ্ধতা অবশেষে সম্ভবত কাটতে চলেছে। প্লাটফর্মটির পোস্টের ক্যাপশনে সরাসরি ক্লিক করা যায় এমন লিংক দেওয়ার ফিচার নিয়ে পরীক্ষা করছে মেটা।

এতদিন লিংক শেয়ারিংয়ের সুবিধা কেবল স্টোরিজ, রিলস ও ব্যবহারকারীদের প্রোফাইলের মধ্যেই সীমিত ছিল। তবে এখন সেই পরিস্থিতি বদলাতে পারে।

কোম্পানিটি এখন থেকে ‘মেটা ভেরিফায়েড’ গ্রাহকদের জন্য পোস্টের ক্যাপশনের ভেতরেই ‘ক্লিকএবল’ লিংক বা সরাসরি ক্লিক করা যায় এমন লিংক ব্যবহারের পরীক্ষা শুরু করেছে।

নির্মাতাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ নতুন ফিচারটি প্রথম নজরে আসে ব্লগার আন্দ্রেয়া ভ্যালেরিয়ার। তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের সাবস্ট্যাক লিংক যোগ করতে পেরেছেন এবং সেটির স্ক্রিনশটও শেয়ার করেছেন।

ভ্যালেরিয়া বলেন, অ্যাপের ভেতরে আসা মেসেজে উল্লেখ রয়েছে, তিনি মাসে ১০টি পর্যন্ত লিংক শেয়ার করতে পারবেন।

মেটার প্রযুক্তি বিষয়ক সাইট নিশ্চিত করেছে, তারা কেবল ‘মেটা ভেরিফায়েড’ গ্রাহকদের জন্য ক্যাপশনে লিংক দেওয়ার সুবিধাটি পরীক্ষা করছে।

তবে কতজন ব্যবহারকারী বর্তমানে এ সুবিধাটি পাচ্ছেন বা তা সবার জন্য উন্মুক্ত হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তারা।

ফিচারটি এখন পর্যন্ত কিছুটা সীমিত বলেই মনে হচ্ছে। কারণ ভ্যালেরিয়ার পোস্টে দেওয়া লিংকটি ইনস্টাগ্রাম মোবাইল অ্যাপে দেখা গেলেও, কম্পিউটার বা ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায় না।

ইনস্টাগ্রামের শুরুর দিন থেকেই লিংক শেয়ারের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্ল্যাটফর্মটির জন্য বিশেষ এক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। এ সীমাবদ্ধতার কারণে ‘লিংক ইন বায়ো’ভিত্তিক এক বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। যেমন, লিংকট্রি।

এসব প্ল্যাটফর্ম নির্মাতাদের তাদের ফলোয়ারদের ইনস্টাগ্রামের বাইরে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে সাহায্য করে। নতুন ফিচারটি চালু হলে তা ফলোয়ারদের সঙ্গে নির্মাতাদের যোগাযোগের ধরন বদলে দিতে পারে।

তবে মাসে ১০টি লিংকের সীমাবদ্ধতা থাকলে ‘লিংক ইন বায়ো’র প্রয়োজন তবুও থেকেই যাবে।

মেটার পক্ষ থেকে লিংক শেয়ারিংয়ের সুবিধাকে ‘পেইড ফিচার’ বা অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য ফিচার হিসেবে গড়ে তোলার সর্বশেষ প্রচেষ্টা এ পরীক্ষা।

কোম্পানিটি সম্প্রতি ফেইসবুকেও নির্মাতাদের লিংক শেয়ারিংয়ের সক্ষমতা সীমিত করার পরীক্ষা চালিয়েছে, যেখানে লিংক শেয়ার করতে হলে ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক। 

নির্মাতাদের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন শুরু হয় মাসে ১৪.৯৯ ডলার থেকে, আর এর সবচেয়ে দামি প্ল্যানটির খরচ মাসে ৪৯৯.৯৯ ডলার পর্যন্ত হতে পারে।