২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় কনটেন্ট প্রচারে ‘নিয়ারবাই’ ফিড পরীক্ষা টিকটকের

ধারণাটি কেবল ব্যবহারকারীকে প্রাসঙ্গিক ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে না, বরং আশপাশের বিভিন্ন চমকপ্রদ আয়োজন ও জায়গাও খুঁজে দেবে।

স্থানীয় কনটেন্ট প্রচারে ‘নিয়ারবাই’ ফিড পরীক্ষা টিকটকের

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 03:28 PM

Updated : 25 Aug 2022, 03:30 PM

ব্যবহারকারীর কাছে স্থানীয় কনটেন্ট পৌঁছাতে ‘নিয়ারবাই’ নামে একটি ফিড পরীক্ষা করছে জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। নতুন এই ফিড চালু হলে টিকটক হোম ট্যাবে থাকা তৃতীয় ফিড হবে এটি।

বর্তমানে ‘ফর ইউ’ ও ‘ফলোয়িং’ নামে দুটো ফিড আছে প্ল্যাটফর্মটিতে।

ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের কনটেন্ট পরামর্শ দেওয়া ও তার অনুসরণ করা অ্যাকাউন্টের কনটেন্ট দেখা যায় টিকটকের মূল ফিড ‘ফর ইউ’-তে। আর ‘ফলোয়িং’ ফিডে দেখা যায় ব্যবহারকারীর বন্ধুদের পোস্ট করা ভিডিও কনটেন্ট।

নতুন এই ফিড পরীক্ষার খবর সর্বপ্রথম নিজস্ব টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সামাজিক মাধ্যম পরামর্শক ম্যাট নাভারা।

নতুন এই ফিডের নাম থেকেই বোঝা যায় যে এটি স্থানীয় কনটেন্ট প্রচারের উদ্দেশ্যে তৈরি। তবে ধারণাটি কেবল ব্যবহারকারীকে প্রাসঙ্গিক ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে না, বরং আশপাশের বিভিন্ন চমকপ্রদ আয়োজন ও জায়গাও খুঁজে দেবে।

দক্ষিণপূর্ব এশিয়ায় ব্যবহারকারীদের একটি ছোট দল নিয়ে এই ফিচার পরীক্ষার কথা প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছে টিকটক।

নিজেদের ‘হোম’ ট্যাবে তিনটি ফিড দেখতে পারবেন এই পরীক্ষার জন্য বাছাইকৃত ব্যবহারকারীরা। তবে, ফিচারটি চালু করতে টিকটক অ্যাপকে ডিভাইস লোকেশনের প্রবেশাধিকার দিতে হবে ব্যবহারকারীকে।

স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতায় টিকটক, ইনস্টাগ্রাম

‘নিয়ারবাই’ ফিড চালুর মাধ্যমে স্ন্যাপচ্যাটকে ধরার চেষ্টা করছে টিকটক, যেখানে এরইমধ্যে একই ধরনের ফিচার আছে। একটি ম্যাপের মাধ্যমে কাছাকাছি জায়গার বিভিন্ন কনটেন্ট দেখতে পারেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারী।

প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজস্ব অ্যাপে একই ধরনের একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম, যেখানে ব্যবহারকারী অন্যদের কনটেন্ট দেখার মাধ্যমে বিভিন্ন নতুন জায়গা খুঁজতে পারেন।

গুগলের এক নির্বাহী স্বীকার করেছেন যে বিভিন্ন নতুন জায়গা খুঁজতে অনেকেই এখন টিকটক ব্যবহার করছেন, যার প্রভাব পড়েছে গুগল সার্চ ইঞ্জিনেও।

উদাহরণ হিসেবে, কোনো রেস্টুরেন্টের ভিডিও টিকটকের বদলে সরাসরি গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমেই খুঁজতে পারবেন ব্যবহারকারী।

‘নিয়ারবাই’ ফিড চালু হলে এটি টিকটকের বিভিন্ন স্থানীয় বিজ্ঞাপনদাতার জন্য নতুন সুযোগ এনে দেবে। তবে, অন্যান্য অঞ্চলে কবে নাগাদ টিকটকের নতুন ফিড আসবে অথবা আদৌ আসবে কি না, ওই বিষয়টি এখনও পরিষ্কার নয়।